দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩০ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ওই দিন জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন। দেড় বছর আগে জেলা আওয়ামী লীগের কমিটির ১২টি শূন্য পদ পূরণ করা নিয়ে প্রথমবার দলের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় মতিউর রহমানের আনুগত্যের বলয় থেকে বের হয়ে সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের নেতৃত্বে পৃথক বলয় সৃষ্টি করা হয়। তবে সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দুই পক্ষের মধ্যে চলা সেই বিরোধ এখন মিটে গেছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, দুই পক্ষ এক হয়ে সম্মেলন সফল করতে কাজ করছে। ইতিমধ্যে দুই পক্ষের নেতারা সম্মেলন সফল করার জন্য একসঙ্গে বৈঠক করে সাতটি উপকমিটি গঠন করেছেন। পদপ্রত্যাশী নেতারা ইতিমধ্যে সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে সারা শহরে তোরণ নির্মাণ করেছেন ও বিলবোর্ড লাগিয়েছেন। দলীয় সূত্রে আরও জানা যায়, জেলা ও মহানগর কমিটিতে কারা সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। পদপ্রত্যাশী নেতারা কেন্দ্রে তদবির করছেন বলে জানা যায়। ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ছেলে মোহীত উর রহমান এবং ময়মনসিংহ পৌরসভার তরুণ মেয়র মো. ইকরামুল হক গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, মূলত কেন্দ্র থেকেই দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে হয়তো আলোচনা করা হবে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, ‘কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কমিটি করা হবে। আমাদের প্রধান কাজ সম্মেলন সফল করে তোলা।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন বলেন, ‘কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই কমিটি হবে। ইতিমধ্যে ময়মনসিংহে আমাদের পর্যবেক্ষণ চলছে। কাউন্সিলরদের মনোভাব বোঝার চেষ্টা করছি। তবে সম্মেলনের দিন ময়মনসিংহে গিয়ে কাউন্সিলরদের সঙ্গে পৃথকভাবে বসা হবে নাকি আগেই তাঁদের সঙ্গে বসা হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।’