অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচায় আইনগত সহায়তা
১৩ বছরে নীলফামারীতে সহায়তা পেয়েছে ২০০৯ জন
অসচ্ছল, সহায়-সম্বলহীন বিচারপ্রার্থীদের সরকারি খরচায় আইনগত সহায়তা দেওয়ার বিধান আছে। নীলফামারীতে ২০০১ সাল থেকে আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এর অধীনে ইতিমধ্যে দুই হাজার নয়জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।
তবে প্রচারের অভাবে বিষয়টি অনেকের অগোচরে রয়ে গেছে। আর ফি কম হওয়ায় আইনজীবীরা এসব মামলা পরিচালনা করতে তেমন একটা আগ্রহ দেখান না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয় আইনগত সহায়তা কমিটি নীলফামারীর সদস্য আবদুল ওহাব চৌধুরী বলেন, এখানে এই তহবিলের সুষ্ঠু ব্যবহার হচ্ছে। তবে আইনজীবীর সহকারীদের জন্য আলাদা কোনো ফি নেই। এ ছাড়া বিল জমা দেওয়াটাকে অনেকে ঝামেলা মনে করেন। প্রচারের প্রসঙ্গে তিনি জানান, জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন উপজেলায় গিয়ে তাঁরা প্রচারণামূলক সভা করেছেন।
নীলফামারী জজ কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, তিনি গত আট মাসে এই খরচের মামলা পরিচালনা করেছেন প্রায় ৭৫টি। তাঁর মতে, এ ক্ষেত্রে যে ফি দেওয়া হয়, প্রয়োজনের তুলনায় তা অনেক কম।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের দিনমজুর সফিজুল ইসলাম অন্যের জায়গায় থাকেন। তাঁর মেয়ে মর্জিনা বেগমের সন্তানের পিতৃ পরিচয়ের স্বীকৃতির দাবিতে তিনি নীলফামারীর আদালতে মামলা করেছেন। সাত-আট মাসে মামলা চালাতে গিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। তিনি আর মামলা চালাতে পারছিলেন না। এরপর একজন এনজিও কর্মীর পরামর্শে আবেদন করেন। এখন সরকারি খরচে মামলা চলছে। তিনি বলেন, সরকারি সহায়তার বিষয়টি আগে জানলে ধারদেনা করে তাঁকে মামলা চালাতে হতো না।
জানা গেছে, গত ১৩ বছরে এই জেলায় সহায়তা তহবিলে বরাদ্দ দেওয়া হয়েছে ছয় লাখ ৪৮ হাজার ১৯৯ টাকা ৫২ পয়সা। ওই টাকা সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে জমা রেখে প্রয়োজনমতো খরচ করা হয়। এখন ব্যাংকে দেড় লাখ টাকার বেশি জমা আছে।
জ্যেষ্ঠ সহকারী জজ ও আইনগত সহায়তাবিষয়ক কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গত ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রমের আওতায় নীলফামারীতে দুই হাজার নয়টি মামলা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪১৯টি মামলা। তিনি জানান, জেলা জজ পদাধিকার বলে এ কমিটির সভাপতি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, আইনজীবী ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা কমিটি গঠিত। ভিজিএফ-ভিজিডির কার্ডধারী, বয়স্কভাতাপ্রাপ্ত ও বার্ষিক ৫০ হাজার টাকার নিচে আয়, এমন বিচারপ্রার্থীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বার্ষিক আয় ৭৫ হাজার টাকার নিচে ধরা হয়েছে। পাচারের কারণে ক্ষতিগ্রস্ত নারীরাও এর সুবিধা পাবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশক্রমে জেলা কমিটির কাছে আবেদন করলে কমিটি যাচাই-বাছাই করে এ সুবিধার জন্য মনোনীত করে।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপ্রিম কোর্ট ছাড়া অন্যান্য আদালতে দেওয়ানি ও পারিবারিক মামলায় আরজি ও আপিল স্মারক প্রস্তুতের জন্য আইনজীবীদের ফি দেওয়া হয় সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা, প্রকৃত কোর্ট ফি ও আনুষঙ্গিক খরচ সর্বোচ্চ ৩০০ টাকা। একইভাবে লিখিত জবাব তৈরিতে এক হাজার ৫০০ টাকা দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে পারিবারিক মামলার জন্য ৭০০ টাকা আর দেওয়ানি মামলার জন্য এক হাজার টাকা পান আইনজীবীরা।