মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ১৩ বছরেও বন ও পরিবেশের ক্ষতিপূরণ মেলেনি। দুর্ঘটনায় বন ও পরিবেশ, রেলপথ, সড়কপথসহ আশপাশের ব্যাপক ক্ষতি হয়। পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ৬০০ কোটি টাকা দাবি করা হয়েছিল। ক্ষতিপূরণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।১৯৯৭ সালের ১৪ জুন লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে মাগুরছড়া গ্যাসকূপ খননের সময় কূপে আগুন ধরে যায়। এ সময় মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল খননের কাজ করে। পরে গ্যাসক্ষেত্রটির দায়িত্ব নেয় ইউনিকল। আর বর্তমানে রয়েছে শেভরন। আগুনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছপালা, মাগুরছড়া পানপুঞ্জি, ফুলবাড়ী চা-বাগানের একাংশ, ঢাকা-সিলেট রেললাইন, ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথসহ আশপাশের এলাকার ব্যাপক ক্ষতি হয়। মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান জিডিসন সুচিয়াং প্রধান বলেন, তাঁরা দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। ইউনোকল দাবির এক-চতুর্থাংশ টাকা প্রদান করেছিল। দুর্ঘটনাস্থলের কাছাকাছি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ধারে সামাজিক বনায়নের জন্য তিন ব্যক্তিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়। ছয় মাস কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক বন্ধ থাকার কারণে ক্ষতিপূরণ হিসাবে বাস মালিক সমিতিকে ২৫ লাখ টাকা প্রদান করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণ বাবদ বন বিভাগ এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি।মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে গতকাল সোমবার তেল-গ্যাস-বিদ্যুর্যা-বন্দর রক্ষা জাতীয় কমিটির মৌলভীবাজার শাখা মানববন্ধন করেছে। মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ময়নুর রহমান মগনুর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জাতীয় কমিটির সদস্য নিলিমেষ ঘোষ ও বাসদ জেলা কমিটির সদস্য মামুনুর রশীদ।একইদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশপথে কমলগঞ্জ উন্নয়ন পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিষদের সভাপতি এম এ ওয়াহেদ বলেন, বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিপূরণ ১৩ বছরে দেয়নি অক্সিডেন্টাল, ইউনোকল এমনকি শেভরন।