১৩ বছরেও চালু হয়নি কাঁচাবাজার
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্মিত জোড়াগেট পাইকারি কাঁচাবাজারটি ১৩ বছরেও চালু হয়নি। চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, কর্তৃপক্ষের উদাসীনতা এবং কতিপয় ব্যক্তির অর্থনৈতিক সুবিধা গ্রহণসহ নানা কারণে বাজারটি উদ্বোধনের মাত্র দুই বছরের মাথায় ১৯৯৯ সালে বন্ধ হয়ে যায়।
অভিযোগ উঠেছে, করপোরেশন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও ট্রাক টার্মিনালের অবৈধ কাঁচাবাজার থেকে আর্থিক সুবিধা নেওয়ায় কারণে জোড়াগেট বাজারটি চালু হচ্ছে না।
করপোরেশন সূত্র জানায়, সড়ক, রেল ও নৌপথে ত্রিমুখী যোগাযোগের সুবিধা থাকায় নগরের জোড়াগেট এলাকায় প্রায় সাত একর জমিতে ১৯৯৭ সালে জোড়াগেট পাইকারি কাঁচাবাজার চালু করা হয়। এতে ব্যয় হয় ৬৪ লাখ ৯০ হাজার টাকা।
জোড়াগেট পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, বাজারটি চালু হওয়ার পর একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। বিষয়টি কর্তৃপক্ষ, পুলিশ ও সিটি করপোরেশনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। শেষ পর্যন্ত ব্যবসায়ীরা নিজেদের গুটিয়ে নিলে মাত্র দুই বছরের মাথায় ১৯৯৯ সালে তা বন্ধ হয়ে যায়। পুনরায় বাজারটি চালুর জন্য ২০০৮ সালের ১৩ মার্চ হাজি রাহেজ উদ্দিন (নিরালা) নামে অবৈধ পাইকারি বাজারটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এ সময় বাজারের ব্যবসায়ীদের জোড়াগেট বাজারে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। কিন্তু বাজারটি উচ্ছেদের ছয় ঘণ্টার মধ্যেই নগরের সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে অবৈধভাবে একটি পাইকারি কাঁচাবাজার চালু করা হয়। তখন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন বর্তমান মেয়র মো. মনিরুজ্জামান। পরে তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হলে তিনিও জোড়াগেট বাজারটি চালু করেননি।
খুলনা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল গাফফার বিশ্বাস বলেন, টার্মিনালে কাঁচাবাজার স্থাপনের পর টার্মিনালের এক সদস্য উচ্চ আদালতে রিট করেন। শুনানি শেষে আদালত ট্রাক টার্মিনালে বাজার পরিচালনা কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। কিন্তু যে জনপ্রতিনিধিরা বাজারটি উচ্ছেদ করবেন, তাঁরাই অবৈধ এ বাজার থেকে সুবিধা নিচ্ছেন। এ কারণে জোড়াগেট বাজারটি চালু হচ্ছে না। জোড়াগেট পাইকারি কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, মেয়ররা আন্তরিক হলে এক ঘণ্টার মধ্যেই বাজারটি চালু করা সম্ভব হতো। বাজারটি চালু না হওয়ায় ব্যবসায়ীরা প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
ট্রাক টার্মিনাল কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, ‘এই বাজার স্থাপনে কেসিসির অনুমতি আছে। এর জন্য আমরা কেসিসিকে টাকাও দিয়েছি। ফলে এটি অবৈধ বাজার কি না, সেটা কেসিসি বলবে।’
এ বিষয়ে নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিরালা বাজারটি ভাঙার পর দ্রুত বাজার সরানোর কোনো জায়গা ছিল না। তখন জোড়াগেট বাজার নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে মামলাও চলছিল। তাই বাধ্য হয়ে ট্রাক টার্মিনালে কাঁচাবাজার করতে হয়েছিল। কিন্তু ভেবেছিলাম মামলা শেষ হলে এটি চালু হবে। কিন্তু কেন বিগত মেয়র সেটি চালু করেননি, জানি না।’
নবনির্বাচিত মেয়র আরও বলেন, ‘আমি দায়িত্ব পেলে জোড়াগেট বাজারটি চালু করব। আর ট্রাক টার্মিনালের বাজারের বিষয়ে একটি সিদ্ধান্ত নেব।’ অর্থিক সুবিধা গ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘শুধু মেয়র নন, এই বিষয়ে যাঁরা মধ্যস্থতা করেন, তাঁরাও ভাগ পান। তবে আমাকে ওসব দিয়ে কোনো কাজ হবে না।