পটুয়াখালীর কলাপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ ১৩ বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ শেষ করতে ইতিমধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলাপাড়া শহরের নাচনাপাড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ৩৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭৬-৭৭ প্রকল্পের আওতায় ১৯৯৮ সালের জুলাই থেকে ২০০৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। ওই সময়ে কাজ শেষ না হওয়ায় ২০১০ সালের জুনের মধ্যে কাজ শেষের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এ সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ আগামী জুনের মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অধীনে এক কোটি তিন লাখ টাকায় ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মিত হচ্ছে। প্রথমে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৭৭ লাখ টাকা। পরবর্তী সময়ে আরও ২৬ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ ধরা হয়। ঠিকাদার নাসির উদ্দিন বলেন, ‘আমি কী করব। যতটা বরাদ্দ পেয়েছি, ততটুকু কাজ করেছি। এখন বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রয়েছে।’সরেজমিনে দেখা গেছে, শুধু মূল ভবনটির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এখনো সীমানাপ্রাচীর, চারদিকের রাস্তা, অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগ ও রঙের কাজ বাকি আছে। তবে কাজ বন্ধ থাকায় ভবনের মধ্যে রাতে-দিনে নেশাখোরদের আড্ডা বসে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। আমার চেষ্টা থাকবে, যাতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা যায়।’পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বদরুল আলম বলেন, ‘বর্তমানে বরাদ্দ না থাকায় কাজটি বন্ধ রয়েছে। প্রতি মাসেই কাজের অগ্রগতি সম্পর্কে আমি প্রতিবেদন পাঠাই। প্রয়োজনীয় অর্থ প্রাপ্তিসাপেক্ষে যাতে দ্রুত কাজটি শেষ করা যায়, সে ব্যাপারে আমি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’গত ১৫ দিনে কলাপাড়া পৌর শহরে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।