১৩ বছরেও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর চাকরি স্থায়ী হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ বছর ধরে দৈনিক মজুরির ভিত্তিতে আয়ার কাজ করছেন এক মুক্তিযোদ্ধার স্ত্রী রওশনারা খাতুন। অথচ চিনিকল কর্তৃপক্ষ আজও তাঁর চাকরি স্থায়ী করার কোনো উদ্যোগ নেয়নি এমন অভিযোগ রওশনারার। আর স্বামীর মুক্তিযোদ্ধা ভাতার টাকাও তিনি পাচ্ছেন না।রওশনারা খাতুন (৪৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের স্ত্রী। আবদুল মান্নান মোবারকগঞ্জ চিনিকলের কর্মচারী ছিলেন। ১৯৯৭ সালে তিনি মারা যাওয়ার পর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েন রওশনারা। ওই বছরই পোষ্য কোটায় মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে আয়া পদে দৈনিক মজুরির ভিত্তিতে রওশনারার চাকরি হয়। রওশনারা জানান, তাঁর পরে চিনিকলে নিয়োগ পাওয়া অনেক লোকের চাকরি স্থায়ী হয়েছে; কিন্তু তাঁর চাকরি স্থায়ী করা হয়নি। তিনি মাসে দেড় থেকে দুই হাজার টাকা বেতন পান। প্রতি ৬৯ দিন পর পর তাঁর চাকরির মেয়াদ বাড়িয়ে আনতে হয়। মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, রওশনারা খুবই অসহায়। কেন এত দিনেও তাঁর চাকরি স্থায়ী হয়নি তা ভেবে পাচ্ছি না।মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিক জানান, তাঁকে বিষয়টি কেউ জানাননি। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। রওশনারা বলেন, তাঁর স্বামীর মুক্তিযোদ্ধার ভাতাও তিনি পাচ্ছেন না। ভাতার জন্য অনেকের কাছে আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। মুক্তিযোদ্ধা সংসদের কালীগঞ্জ উপজেলা কমান্ডার সেকেন্দার আলী জানান, নানা কারণে এত দিন রওশনারা ওই ভাতা পাননি। তবে এবার যে তালিকা পাঠানো হয়েছে সম্ভবত সেখানে তাঁর নাম আছে।