১৩ বছরেও শেষ হয়নি বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের চারটি সিনেমা হলে একযোগে বোমা হামলা ঘটনার ১৩ বছর পূর্তি আজ সোমবার। এত দিনেও শেষ হয়নি মামলার বিচারকাজ। ২০০৭ সালের ৮ অক্টোবর মামলার অভিযোগপত্র দেওয়া হলেও মামলার সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় ঝুলে আছে বিচারকাজ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে ময়মনসিংহের অজন্তা, অলকা, পূরবী ও ছায়াবানী সিনেমা হলে সিনেমা চলার সময় বোমা হামলার ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ ১৮ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক মানুষ। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক চারটি মামলা হয়। চারটি মামলার মধ্যে পূরবী সিনেমা হলের ব্যবস্থাপক দুলাল মিয়া বাদী হয়ে বর্তমান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, সাংবাদিক এনামুল হক চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আটজনের নামে মামলা করেন। চারটি মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষসহ ৪০ জনকে আসামি করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ৪০ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, জেএমবি সদস্য জাহিদুল ইসলাম ওরফে সুমন ওরফে বোমা মিজান ও আনোয়ার হোসেন ওরফে শাহীনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

গতকাল রোববার ময়মনসিংহ জজ আদালত ও বিশেষ আদালতে মামলার সর্বশেষ অবস্থা জানতে গেলে জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদুল ইসলাম বলেন, মামলাটি আনুমানিক দেড় বছর ধরে বিশেষ আদালতে বিচারাধীন। পরে আদালত পরিদর্শকের কার্যালয়ের মাধ্যমে মামলাগুলোর নম্বর সংগ্রহ করে বিশেষ আদালতে খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ গত ১৯ নভেম্বর মামলাটি বিশেষ আদালতে ওঠার তারিখ ছিল। কিন্তু কোনো সাক্ষী উপস্থিত হননি। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহের বিশেষ আদালত সূত্রে জানা যায়, চারটি মামলায় ৪৪ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ২০১০ সালের মার্চ মাসে দুজন ও একই বছরের জুন মাসে একজনের সাক্ষ্য গ্রহণ করেন বিশেষ আদালত। এরপর নিয়মিতভাবে মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ হলেও কোনো সাক্ষী উপস্থিত হননি। সাক্ষীদের পরিচয় ঘেঁটে জানা যায়, অনেকেই পেশাগত কারণে তৎকালীন সময় ময়মনসিংহে বাস করতেন। পরবর্তী সময়ে অন্যত্র চলে যান।