১৩ বছরের কিশোরী মামলায় ২৫ বছরের নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাছিমা বেগমের বয়স আনুমানিক ১৩ বছর। নবম শ্রেণীতে পড়ে। মামলার অভিযোগপত্রে তার বয়স দেখানো হয়েছে ২৫ বছর। তার সহোদর সুমন মিয়া দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বয়স আনুমানিক ১০ বছর। অভিযোগপত্রে তার বয়স দেখানো হয়েছে ২০ বছর। তাদের নানা মো. সুরুজ্জামান (৭৫) তিন বছর ধরে দৃষ্টিপ্রতিবন্ধী। তিনিও একই মামলার আসামি।তবে গতকাল বুধবার তাঁরা তিনজনসহ ওই মামলার ১০ জন আসামির সবাই জামালপুর বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আদালত মামলাটির তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেমকে আদালতে হাজির হয়ে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চেয়ে আদেশ জারি করেছেন। মামলা ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের ডাকরা গ্রামের প্রতিবেশী আবদুল হামিদের সঙ্গে আবদুস সালামের জমি কেনাবেচা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে গত ৬ জুন সকালে আবদুল হামিদ তাঁর লোকজন নিয়ে আবদুস সালামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা কেরোসিন ছিটিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয় এবং আবদুস সালাম ও তাঁর লোকজনকে মারধর করে এলাকাছাড়া করে। এ ঘটনায় উল্টো আবদুল হামিদ বাদী হয়ে গত ৬ জুন আবদুস সালামসহ তাঁর পরিবারের ১০ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার অন্য আসামিরা হলেন আবদুস সালামের বাবা দৃষ্টিপ্রতিবন্ধী মো. সুরুজ্জামান, তাঁর মা সাবেদা বেগম, স্ত্রী মর্জিনা বেগম, বোন খালেদা বেগম, সেলিনা, শরিফা ও ফিরোজা, ভাগ্নে সুমন মিয়া (১০) ও নাছিমা বেগম (১৩)। আসামিদের মধ্যে সুমন মিয়া স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে ও নাছিমা বেগম তারাটিয়া আলহাজ লতিফ-ফজিতন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরে আবদুস সালাম দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগ আমলে নেয়নি।মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার এসআই আবুল কাশেম গত ১৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামালপুরের বিচারিক হাকিম মণীষা রায়ের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে গতকাল তাঁরা জামিন নিতে গেলে আদালতের এজলাশে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ ও শিশুদের দেখে পুলিশের ভুয়া অভিযোগপত্র দাখিলের বিষয়টি ফাঁস হয়ে যায়। এ নিয়ে বিচারক বিস্মিত হন এবং মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেমকে আগামী ১৮ নভেম্বর আদালতে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দেওয়ার আদেশ জারি করেন। মামলার বিবাদী আবদুস সালামের পক্ষের আইনজীবী সাদুল্লাহ হেল মামুন প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ওই এসআই সঠিক তদন্ত না করেই মনগড়াভাবে অন্ধ, শিশু ও গর্ভবতী নারীকে মামলার আসামি করেছেন। আদালত তো তাঁকে সেই অধিকার দেননি। ওই এসআই নিঃসন্দেহ অপরাধ করেছেন। তাঁরও বিচার হওয়া দরকার।’ এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আমি আসলে মামলার আসামিদের সম্পর্কে অতটা খোঁজখবর নেইনি। ওই সময় বাদী, সাক্ষী ও প্রতিবেশীদের কাছ থেকে শুনে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের দেখলে হয়তো এমন হতো না। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আদালতে হাজির হয়ে আদালতের কাছে এই ভুল স্বীকার করব এবং আদালতের কাছে ওই শিশুদের বয়স সংশোধন করে দেব। তারা যাতে মামলা থেকে রেহাই পায় আদালতের কাছে আমি সেই নিবেদনও জানাব।’ এ ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেছেন, ‘মামলার তদন্ত না করেই শিশু ও বৃদ্ধ দৃষ্টিপ্রতিবন্ধীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা নিজেই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওই এসআই ১৯৭৪ সালের শিশু আইনও লঙ্ঘন করেছেন।