১৩ বছরের মেয়েটির বিয়ে কাল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগামী শুক্রবার ১৩ বছরের খুকুমণির বিয়ে হবে। কিন্তু আমার স্কুলের ছাত্রীরা এ বাল্যবিবাহ হতে দেবে না। তারা ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীকে অবহিত করেছে। কিন্তু তারা কোথাও ভরসা পাচ্ছে না।’গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর এ প্রতিনিধির মুঠোফোনে যোগাযোগ করে এভাবেই বাল্যবিবাহটি বন্ধ করতে সহযোগিতা চান সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। তিনি ও তাঁর বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানায়, মেয়েটির অমতে পরিবারের সদস্যরা বিয়ের সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার ওই মেয়েটি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আর্থিক দুরবস্থার কারণে আর পড়েনি। একই গ্রামের মিছির মিয়ার ছেলে সাইদুর মিয়ার (২৬) সঙ্গে আগামীকাল শুক্রবার তার বিয়ের দিন ধার্য করা হয়েছে।