১৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে ফেরত পাঠায়। এর মধ্যে দুই নারী ও দুই শিশুসহ আটজন নেত্রকোনার বাসিন্দা। বাকি পাঁচজন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বাসিন্দা।

কলমাকান্দা থানা ও বিজিবির ১১ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত ২ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের রংরা ক্যাম্পের বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায়। ১ মাস ২০ দিন কারাভোগের পর গত সোমবার রাত সাড়ে আটটার দিকে কলমাকান্দার বরুয়াকোনা সীমান্ত ফাঁড়িতে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক হয়। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে বিজিবি কলমাকান্দা থানা-পুলিশের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিরাজোরা গ্রামের বিন্দু নাল (৪৫), তাহিরপুর উপজেলার ঘোড়াঘাট গ্রামের অধীর চন্দ্র দাস (৪০), একই উপজেলার সন্তোষপুর গ্রামের দুলাল সরকার (২১) ও রঞ্জন সরকারের ছেলে আটাষ সরকার (১৪) এবং ঘোড়াঘাট গ্রামের নিয়তী রানী দাস (৫২)। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের অঞ্জন সরকার (৪৫), নিরাঞ্জন সরকার (৩৫), বাউসারী গ্রামের গোপাল ভৌমিক (৩০), শেফালি রানী ভৌমিক (২৫) ও তাঁর মেয়ে বাউসারী গ্রামের পূজা ভৌমিক (১০), আনন্দপুর গ্রামের সবিতা সরকার (৩৫) ও তাঁর ছেলে সুদীপ সরকার (৭) এবং কচুগড়া গ্রামের আলী আসগরের ছেলে সাহাব উদ্দিন সরকার (১৪)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভারতের বাঘমারার রংরা সাউথ হিল এরিয়ার এসআই সাইনাল বাংলাদেশের পক্ষে বিজিবি ১১ ব্যাটালিয়নের লেঙ্গুরা নায়েক সুবেদার মহসিন আলী ও কলমাকান্দা থানার উপপরিদর্শক হাবিবুর রহমানের কাছে গতকাল রাতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেন।
ফেরত আসা বাংলাদেশি কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের অঞ্জন সরকার সাংবাদিকদের জানান, তিনি ও তাঁর সঙ্গীরা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘোড়াঘাট গ্রামের অধীর চন্দ্র দাস বলেন, তাঁরা সীমানা দিয়ে বেড়াতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন।
বিজিবি ১১ ব্যাটালিয়নের (নেত্রকোনার) উপ-অধিনায়ক মেজর মাখদুমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।