১৩ বাংলাদেশিকে ফেরত বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের প্রায় দেড় মাস পর তিন শিশুসহ ১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত সোমবার রাত আটটার দিকে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠক হয়। এরপর রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়। এর মধ্যে দুই নারী ও দুই শিশুসহ নেত্রকোনারই আটজন। অপর পাঁচজন সুনামগঞ্জের জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বাসিন্দা।

কলমাকান্দা থানা ও বিজিবির ১১ ব্যাটালিয়ন সূত্র জানায়, গত ২ জুলাই বরুয়াকোনা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলে রংরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।

বিজিবি ১১ ব্যাটালিয়নের (নেত্রকোনার) উপ-অধিনায়ক মেজর মাখদুমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আটক বাংলাদেশিদের গতকাল মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।