চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বিভাগের মধ্যে ১৩টির শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারছেন না। দুই সেশনের (২০০৪-০৫ ও ২০০৫-০৬ শিক্ষাবর্ষের) স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নির্দিষ্ট সময়ের এক থেকে দুই বছর পর হচ্ছে। এভাবে অন্তত সাড়ে তিন হাজার শিক্ষার্থী সেশনজটের ফাঁদে পড়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ছুটি, শিক্ষকদের পাঠদানে অনিয়ম ও অবহেলা, শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবি, অনির্ধারিত সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়া এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে সেশনজট বাড়ছে।সেশনজটের কবলে পড়া বিভাগগুলো হলো: বিজ্ঞান অনুষদের রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা, মনোবিজ্ঞান, কলা অনুষদের বাংলা, ইংরেজি, যোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিন্যান্স বিভাগ।এ ছাড়া তিনটি ইনস্টিটিউটের দুটির শিক্ষার্থীরা সেশনজটে ভুগছেন। এগুলো হলো চারুকলা ইনস্টিটিউট ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট। এসব বিভাগ ও ইনস্টিটিউটে এক থেকে দেড় বছরের সেশনজট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেশনজট থেকে উত্তরণের চেষ্টা করছি। আশা করি, চলতি বছরের মধ্যেই সফল হব।’বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি এম এ গফুর বলেন, শিক্ষকেরা নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করলে এবং পরীক্ষার খাতা জমা দিলে সেশনজট থাকত না। কিন্তু অনেক শিক্ষকই তা করেন না। শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময় শিক্ষাজীবন শেষ না হওয়ায় তাঁরা বিসিএসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন না। ফলাফল প্রকাশে দেরির কারণেও অনেক বিভাগে সেশনজট বাড়ছে। জানা গেছে, চারুকলা ইনস্টিটিউটের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে প্রায় আট মাস পর। সমাজতত্ত্ব বিভাগের তিনটি বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর। লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ফলাফল সাত মাসেও প্রকাশিত হয়নি। অথচ নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুণ্ডু একটি কর্মশালায় সম্প্রতি ভারত গেছেন। বিদেশ যাওয়ার আগে তিনি প্রথম আলোকে বলেন, কিছু শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা জমা দেন না। ফলে পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোজাফ্ফর হোছাইন বলেন, ‘আমি প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কেবল দ্রুত ফলাফল প্রকাশের তাগিদ দিতে পারি।’ ক্যাম্পাস সূত্র জানায়, গত দুই বছরে প্রায় দুই মাস বিশ্ববিদ্যালয় অনির্ধারিত বন্ধ ছিল। এ কারণে নির্ধারিত সময়ে অনেক বিভাগের পরীক্ষা শুরু হয়নি। অন্তত ১৫ দিন থেকে এক মাস পর এসব বিভাগের পরীক্ষা শুরু হয়েছিল।