১৩ মাসে ৮০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিসহ পার্শ্ববর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় গত ১৩ মাসে ৮০ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১টি অস্ত্র, ১৬টি ম্যাগাজিন ও ১০২টি গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৪১ জনকে আটক করা হয়। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭২ কিলোমিটার সীমান্তে ১৬টি কোম্পানি সদর ও বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অন্য যেকোনো সময়ের চেয়ে বিজিবির সদস্যরা এবার চোরাচালান প্রতিরোধে এ সাফল্য দেখিয়েছেন। ব্যাটালিয়ন সদর কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি, পাঁচবিবি, জয়পুরহাট ও ধামইরহাট সীমান্ত থেকে আটক হওয়া এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে: ফেনসিডিল, মদ, গাঁজা, বিয়ার, হেরোইন, ইয়াবা, লুপিজেসিক ইনজেকশন, শাড়ি, জিরা, স্টিল, থ্রিপিস, সাদা এলাচ, পোস্তদানা, চাদর, শার্ট, ইমিটেশনসামগ্রী, বাস, মোটরসাইকেল, বাইসাইকেল, মোটর পার্টস ও বিভিন্ন প্রকার ওষুধ।