১৩ লাখ টাকা নিয়ে পোস্টমাস্টার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডাকঘরের আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় লালমনিরহাট উপবিভাগীয় কার্যালয়ের ডাক পরিদর্শক আম্বর আলী ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ওমর ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদিতমারী থানায় দুর্নীতি দমন আইনের ধারায় গত বুধবার মামলা করেছেন। লালমনিরহাট ডাক বিভাগ ও আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলা ডাকঘরের পোস্টমাস্টারের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছিলেন একরামুল হক। তিনি ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ছুটিতে থাকায় পোস্টমাস্টারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ডাকঘরের অফিস সহকারী ওমর ফারুককে। তিনি গত ৯ জানুয়ারি লালমনিরহাট জেলার প্রধান ডাকঘর থেকে নয় লাখ টাকা গ্রহণ করে অফিসের রেজিস্টারে জমা না দেখিয়ে অবৈধভাবে পকেটে রেখে দেন। তিনি পেনশনের সঞ্চয়পত্র ভাঙানোর কথা বলে ভুয়া চাহিদাপত্র দিয়ে ওই টাকা তুলেছিলেন। গত ১১ জানুয়ারি কামিনি কান্ত নামের একজন নতুন সঞ্চয়ী হিসাব খুলতে ওমর ফারুকের কাছে তিন লাখ টাকা জমা দেন। তিনি সেই টাকাও অফিসের সংশ্লিষ্ট রেজিস্টারে জমা না দেখিয়ে অবৈধভাবে নিজের কাছে রেখে দেন। গত মঙ্গলবার আদিতমারী উপজেলা ডাকঘরে বিভিন্ন খাতে আদায় করা আরও প্রায় এক লাখ টাকা একইভাবে নিজের কাছে রাখেন। গত ১১ জানুয়ারি বিকেলে আগের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার একরামুল হককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তাঁকে (একরামুল হককে) তিনি (ওমর ফারুক) দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কৌশলে লাপাত্তা হয়ে যান। বিষয়টি জানতে পেরে রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রাতেই আদিতমারী উপজেলা ডাকঘরে চলে আসেন। তিনি কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা আত্মসাতের প্রমাণ পান। পরে ওমর ফারুকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করার সিদ্ধান্ত হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ডাক বিভাগের পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই ওই আসামি পলাতক রয়েছেন। ওমর ফারুককে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ হাসান বলেন, ‘ঘটনাটি জানার পর আমি পুলিশ ও ডাক বিভাগসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করেছি।’ অর্থ আত্মসাতের ঘটনাটি জানাজানি হওয়ার পর আমানতকারীরা গত মঙ্গল ও গত বুধবার নিজেদের সঞ্চয়ী আমানত ঠিক আছে কি না, তা জানতে ডাক বিভাগসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। নাজু নামের একজন গতকাল ছুটে আসেন আদিতমারী উপজেলা ডাকঘরে। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি জানতে পেরে নিজের সঞ্চয়ী হিসাবে জমা টাকা ঠিক আছে কি না, তা জানতে এখানে এসেছি।’ রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট পোস্ট অফিসের নয় লাখ, এক আমানতকারীর তিন লাখ এবং আদিতমারী পোস্ট অফিসের প্রায় এক লাখ টাকা আত্মসাত করে ওমর ফারুক উধাও হয়ে গেছেন। এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে।