১৩ শিশুর মৃত্যু কীটনাশক দেওয়া লিচু খেয়েই
কীটনাশক দেওয়া লিচু খেয়েই ২০১২ সালে দিনাজপুরে ১৩ শিশুর মৃত্যু হয়। লিচুতে অতিরিক্ত ও বেঠিকভাবে কীটনাশক এবং অন্য কৃষি রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। ২৪ জুলাই যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিনের অনলাইন সংস্করণে এক গবেষণা প্রবন্ধে এ কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং যুক্তরাষ্ট্রের আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকেরা এই প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধে বলা হয়, কীটনাশকের প্রভাবে শিশুদের মস্তিষ্ক মারাত্মকভাবে ফুলে যায় ও তীব্র প্রদাহ হয়, যার কারণে ওই ১২ শিশুর মৃত্যু হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাকিউট এনকেফালাইটিস সিনড্রোম।
প্রবন্ধে বলা হয়েছে, কীটনাশকযুক্ত লিচু খাওয়ার ২০ ঘণ্টার মধ্যে উপসর্গ দেখা দেয় এবং শিশুগুলো মারা যায়া। লিচু খেয়ে এ ধরনের শিশুমৃত্যুর ঘটনা তার আগে ভারতেও ঘটেছিল।
গবেষক দলের প্রধান ও আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের অনুসন্ধানে দেখা যায়, লিচুর বীজ মৃত্যুর কারণ না, কারণ শিশুরা লিচুর বীজ খায় না। বরং ২০১২ সালের মৃত্যুর কারণ অতি বিষাক্ত কৃষি রাসায়নিক দ্রব্য।’ তিনি বলেন, এই মৃত্যু ঘটে লিচু তোলার মৌসুমে যখন সারা দেশের মানুষ লিচু খায়। লিচুর বীজ খেয়ে মৃত্যু হলে সারা দেশেই তা হতো, একটি ছোট এলাকায় ঘটত না।
শিশুমৃত্যুর ঘটনা নিয়ে প্রথম আলোতে ‘কারণ কীটনাশকের বিষক্রিয়া: লিচু খেয়ে দিনাজপুরে ১৩ শিশুর মৃত্যু’ শিরোনামে ২৯ জুন ২০১২ সালে প্রতিবেদন ছাপা হয়েছিল।
গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল ১৪টি শিশু। এদের বয়স ছিল ১ থেকে ১২ বছরের মধ্যে। বিষক্রিয়ার ঘটনা ঘটে ২০১২ সালের ৩১ মে থেকে ৩০ জুনের মধ্যে। এর মধ্যে একটি শিশু বেঁচে যায়। এই শিশুরা লিচুগাছের খুব কাছে বা ১০ মিটারের মধ্যে বাস করত।
গবেষকেরা বলেছেন, লিচুবাগানের মালিকেরা গাছে এন্ডোসালফান নামক অতি বিষাক্ত কীটনাশক ব্যবহার করেছিলেন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ৮০টির বেশি দেশে এই কীটনাশক নিষিদ্ধ। যেসব দেশে এখনো এই কীটনাশক ব্যবহৃত হয় তার মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র আছে।