১৩ সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত ৩৫টি সরকারি মাধ্যমিক (প্রাথমিক স্তর সংযুক্তসহ) বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রথম দিনে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘এ’ গুচ্ছের ১৩টি বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার ‘বি’ গুচ্ছের এবং কাল শনিবার ‘সি’ গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস প্রথম আলোকে বলেন, গতকাল ধানমন্ডি গভ. হাইস্কুল, মতিঝিল বালিকা সরকারি উচ্চবিদ্যালয়, কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি উচ্চবিদ্যালয়সহ (নতুন) ১৩টি বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ও কাল বাকি বিদ্যালয়গুলোর পরীক্ষা হবে। আর প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৬ ডিসেম্বর। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করে নতুন বছরের শুরু থেকেই ক্লাস শুরু হবে।
এবারে এলাকার কোটা নির্ধারণের জন্য বিদ্যালয়গুলোর জন্য থানাভিত্তিক ‘সেবা অঞ্চল’ করে ভর্তি পরীক্ষা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। কয়েকটি থানা নিয়ে একেকটি বিদ্যালয়ের সেবা অঞ্চল করা হয়েছে। এই সেবা অঞ্চলের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট এলাকার বিদ্যালয়ে ৪০ শতাংশ এলাকা কোটার জন্য বিবেচিত হবে।