
দুটি সেতু দেবে যাওয়ার কারণে এক সপ্তাহের মধ্যে দুই দফায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল পাঁচ দিন। এতে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। আবার ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলওয়ের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ট্রেনে সিলেটে যেতে হয়। ১৭৯ কিলোমিটার দীর্ঘ সিলেট-আখাউড়া রেলপথে ১৩টি সেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানান রেলওয়ের প্রকৌশলীরা। ঝুঁকিপূর্ণ সেতুগুলোর ওপর দিয়ে পাঁচ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য লোকো মাস্টারদের (ট্রেনচালক) নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত ৩০ মার্চ ভোর ছয়টায় সিলেট-আখাউড়া রেলপথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটখোলা রেলস্টেশনের কাছে একটি রেলসেতু (৫৬ নম্বর) ধসে যায়। চার দিন পর ৩ এপ্রিল বিকেল চারটায় সেতুটি মেরামতের পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়। এর এক দিন পর আবার ৫ এপ্রিল দুপুরে একই রেলপথের শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি একটি সেতুর তিনটি গার্ডার দেবে যায়। এরপর আবারও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সেতুটির সংস্কার শেষ হওয়ায় আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, সিলেট-আখাউড়া রেলপথে ১৩টি সেতুর ওপর ট্রেন পারাপারে ‘ডেড স্টপ’ (সেতুর আগে ট্রেন থেমে যাবে, এরপর পাঁচ কিলোমিটার গতিতে চলা শুরু করবে) ঘোষণা করা হয়েছে। সিলেট থেকে মোগলাবাজার স্টেশন পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে আটটি এবং মোগলাবাজার থেকে আখাউড়া পর্যন্ত ১৬৪ কিলোমিটারের মধ্যে পাঁচটি সেতু ‘ডেড স্টপ’-এর আওতাধীন রয়েছে। তিনি বলেন, ব্রিটিশ আমলে তৈরি এই সেতুগুলো বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। গত দুই বছরের মধ্যে এসব সেতু সংস্কারে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের প্রকৌশলীরা বলেন, কোনো সেতুর সংস্কারকাজ শুরু হলে ‘ডেড স্টপ’ ঘোষণা করে পাঁচ কিলোমিটার গতিতে ওই সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো হয়। ধীর গতিতে ট্রেন চলার কারণে সংস্কারকাজ করার সময় সেতুতে ঝাঁকুনি কম লাগে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে না। কিন্তু সংস্কার চলাকালেই ঢলের পানিতে ৫৬ নম্বর সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে যায়। এতে সেতুটি ধসে পড়ে। একই ঘটনা ঘটে ১৪১ নম্বর সেতুর ক্ষেত্রেও।
রেলের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, একটি সেতু সংস্কার করতে কত মাস লাগে? শুষ্ক মৌসুমে কেন ঝুঁকিপূর্ণ সেতুগুলোর সংস্কারকাজ শেষ করা হয়নি? পরপর দুটি সেতু ধসে পড়া বা দেবে যাওয়ার জন্য রেলের প্রধান প্রকৌশল দপ্তরের কয়েকজন কর্মকর্তাকে দায়ী করেন তাঁরা।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, প্রকৃতি তাঁর প্রতি ন্যায়বিচার করেনি। তিনি বলেন, চৈত্র মাসে এমন পাহাড়ি ঢল তিনি কখনো দেখেননি। অধিক বর্ষণ ও ঢলের কারণে সেতুগুলোর সংস্কারকাজ সময়মতো শেষ করা যায়নি। তিনি বলেন, সংস্কারকাজ শুরু করা প্রতিটি সেতুর দৈর্ঘ্য সর্বনিম্ন ৪০ ফুট থেকে সর্বোচ্চ ২০০ ফুট। ঢল না এলে মে মাসের মধ্যে সব কটি সেতুর সংস্কারকাজ শেষ করা যেত।
রেলওয়ে সূত্র জানায়, গত ৩০ মার্চ ধসে পড়া ৫৬ নম্বর সেতুটির সংস্কারকাজ শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। আর গত বুধবার দেবে যাওয়া সেতুটির সংস্কারকাজ শুরু হয় গত ১৬ ফেব্রুয়ারি।
ধসে পড়া ৫৬ নম্বর সেতুর সংস্কারের দায়িত্বে থাকা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ব্রিটিশ আমলে তৈরি ব্রিজগুলো (সেতু) সংস্কার করে করে ট্রেন চলাচলের উপযোগী রাখা হয়েছিল। এখন সেখানে নতুন ব্রিজ তৈরি করা ছাড়া বিকল্প নেই।’
সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে এক দিন আন্তনগর ট্রেন (১২টি ট্রেন) যোগাযোগ বন্ধ থাকলে গড়ে ২০ লাখ ৭৯ হাজার টাকা আয় কম হয় বলে রেলওয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান। ঢাকা-সিলেট পথে আটটি এবং চট্টগ্রাম-সিলেট পথে দিনে চারটি আন্তনগর ট্রেন চলে। এ ছাড়া সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম-আখাউড়া পর্যন্ত প্রতিদিন আরও ১০টি মেইল এবং কমিউটার ট্রেন চলে। এসব ট্রেন চলাচল বন্ধ থাকলে প্রতিদিন গড়ে পাঁচ লাখ টাকা আয় কম হয় রেলের।
রেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ঢাকা-চট্টগ্রাম থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার যাত্রী বিভিন্ন ট্রেনে করে সিলেটে যাতায়াত করে। দুই দফায় পাঁচ দিনের বেশি সময় সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলের প্রায় দেড় কোটি টাকার বেশি আয় কম হয়েছে।