ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে সংঘটিত সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় আগামী ১৩ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের সাক্ষ্য নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে তাঁর সাক্ষ্য নেবে।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার এই উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন।জানা গেছে, কমিটির আহ্বানে সাড়া না দেওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হবে না।সূত্র জানায়, সভায় জরুরি অবস্থা চলাকালে সংঘর্ষের ওই ঘটনায় এ পর্যন্ত নেওয়া সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয়।সভা শেষে মেনন বলেন, মইন উ আহমেদ কমিটিতে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করায় কমিটি তাঁকে ধন্যবাদ জানাবে। ১৩ সেপ্টেম্বর টেলিকনফারেন্সের মাধ্যমে এই সাক্ষ্য নেওয়া হবে। ই-মেইলের মাধ্যমে মইনকে কমিটির সিদ্ধান্ত জানানো হবে।সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিকী বলেন, সংসদীয় কমিটির ইতিহাসে এখন পর্যন্ত টেলিকনফারেন্সের নজির নেই। এ জন্য স্পিকারের পূর্বানুমতির প্রয়োজন। কমিটির পক্ষ থেকে বিষয়টি স্পিকারকে জানানো হবে।প্রতিবেদনের বিষয়ে মেনন বলেন, কমিটির সভায় খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনটি আরও পরিমার্জন ও সংশোধন করে কমিটিতে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।তবে কমিটির একটি সূত্র জানায়, প্রতিবেদন দেখে কমিটি সন্তুষ্ট না হওয়ায় তা কমিটি শাখায় ফেরত পাঠানো হয়েছে। মইনের সাক্ষ্য নেওয়ার পর প্রতিবেদন পূর্ণাঙ্গ করে কমিটিতে উপস্থাপন করা হবে।প্রসঙ্গত, ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সংঘর্ষের বিষয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে গত সপ্তাহে কমিটির কাছে চিঠি দেন জেনারেল মইন। কমিটির কাছে ৪ জুন পাঠানো ই-মেইলে ফখরুদ্দীন জানান, সংঘর্ষের পর কোনো নির্যাতনের কথা তিনি জানেন না। বিচার বিভাগ তখন স্বাধীনভাবে কাজ করেছিল।ওই ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট চার সদস্যের সংসদীয় উপকমিটি গঠিত হয়।