১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা। ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মুসল্লিরা পুরানা পল্টনের সড়কে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ঘোষণা দিয়ে আরও বলেন, ১১ সেপ্টেম্বর প্রতি জেলায় তাঁরা বিক্ষোভ সমাবেশ করবেন। ১২ সেপ্টেম্বর রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
বিক্ষোভ সমাবেশ চলাকালে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত সড়কের একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলুল বারী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন জাহেলি যুগকেও হার মানিয়েছে। এই যুগেও এমন হতে পারে তা আমাদের ধারণা নেই। প্রধানমন্ত্রীকে অনুরোধ এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বাংলাদেশের মিয়ানমারের রাষ্ট্রদূতকে আল্টিমেটাম দিন।