১৩ হাজার ইয়াবা বড়িসহ তিনজন পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে ১৩ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকাল ও রাতে অভিযান চালিয়ে বিডিআরের সদস্যরা ওই ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো ক-১১-৫৪৮৫) টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং তল্লাশী চৌকিতে পৌঁছালে বিডিআরের সদস্যরা তল্লাশি শুরু করেন। মাইক্রোবাসটির বিভিন্ন অংশ থেকে পলিথিনে মোড়ানো ১১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে এক হাজার করে মোট ১১ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়; যার বাজারমূল্য ৫৫ লাখ টাকা। এ সময় মাইক্রোবাসের চালক মো. জুবাইর (২৮) ও সহকারী জিয়াউর রহমানকে (১৮) আটক করা হয়। জুবাইর ও জিয়াউর কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামের বাসিন্দা। বিডিআরের হোয়াইক্যং সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার সুবেদার আবু ছিদ্দিক জানান, টেকনাফের নিলা ইউনিয়নের পূর্বলেদা গ্রামের আবু তাহের নামের এক চোরাচালানি মাইক্রোবাসের চালক ও সহকারীকে দিয়ে ইয়াবার ওই চালানটি কক্সবাজার পাচার করছিল। তাকে ধরার চেষ্টা চলছে।সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় টেকনাফ থেকে সমুদ্রসৈকত দিয়ে একটি জিপগাড়িতে (ঢাকা-ক-৭৫৩৩) করে কক্সবাজার পাচারের সময় দুই হাজার ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিডিআরের সদস্যরা উখিয়া উপজেলার মোহাম্মদ শফিরবিল এলাকা থেকে ওই ইয়াবাসহ আবুল মঞ্জুর (২২) নামের এক ব্যক্তিকে আটক করেন। মঞ্জুরের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দংগ্যাকাটা গ্রামে। ইয়াবা উদ্ধারের ঘটনায় উখিয়া ও টেকনাফ থানায় দুটি মামলা হয়েছে।