১৩ হাজার ৬১০ কোটি টাকার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ১৩ হাজার ৬১০ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরে কার্গো ও যাত্রী ধারণক্ষমতা বাড়ানো হবে।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও চারটি পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর উপলক্ষে উত্তরায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ১৩ হাজার ৬১০ কোটি টাকার কাজ হবে। প্রকল্পের অর্থায়ন করবে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। জাইকা এই প্রকল্পের পরামর্শ পর্যায়ে ৫৭০ কোটি টাকা দেবে। আর বাংলাদেশ সরকার এই প্রকল্পে ২ হাজার ৫০০ কোটি টাকা খরচ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে কার্গো ও যাত্রী ধারণক্ষমতা বছরে যথাক্রমে ২ লাখ ও ৮ লাখ; যা বিমানবন্দরে গাদাগাদি অবস্থা তৈরি করে। বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পটি সময়োপযোগী উদ্যোগ। এই প্রকল্প শেষে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা হবে ২ কোটি আর কার্গো ধারণক্ষমতা হবে ৫ লাখ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরের অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজের জন্য দরপত্র ডাকা হবে। প্রকল্পের কাজ শুরু হবে ২০১৮ সালের এপ্রিলে। আর শেষ হবে ২০২১ সাল নাগাদ। প্রকল্পের মাধ্যমে হজরত শাহজালাল বিমানবন্দরে ২ লাখ ২৬ হাজার বর্গমিটারের একটি টার্মিনাল, ৪১ হাজার ২০০ বর্গমিটারের একটি নতুন কার্গো ভিলেজ, ৫ হাজার ৯০০ বর্গমিটারের একটি ভিভিআইপি কমপ্লেক্সের কাজসহ আরও কয়েকটি উন্নয়নমূলক কাজ করা হবে।