১৩টি আইন ও নীতিমালার ব্রেইল সংস্করণ বিতরণ
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনা করে মানুষের জন্য ফাউন্ডেশন ১৩টি আইন ও নীতিমালার ব্রেইল সংস্করণ দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা পাঁচটি সংগঠনের হাতে তুলে দেয়। গত শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে এই আইন ও নীতিমালাগুলো তুলে দেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহীন আনাম।
সভাপতির বক্তব্যে শাহীন আনাম বলেন, সরকার আইন করেছে। তবে এই আইন ও নীতিমালাগুলো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বোধগম্য নয়। তাই আইন ও নীতিমালা সম্পর্কে জানতে অন্যের ওপর নির্ভরশীল হতে হয়। ফলে তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন না। তিনি আরও বলেন, এই ব্রেইল সংস্করণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হবেন, ন্যায্য দাবিদাওয়াও তুলতে পারবেন।
এই উদ্যোগকে ধন্যবাদ জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩; নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩; নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা বিধিমালা, তথ্য অধিকার আইন, শিশু অধিকার আইন ও শিশুনীতিসহ মোট ১৩টি আইন ও নীতিমালার কপি বিতরণ করা হয়।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহসভাপতি হারুনুর রশীদ বলেন, ‘এটা একটা বিশাল উপহার আমাদের জন্য। প্রতিবন্ধী সুরক্ষা আইন যেভাবে ব্রেইল সংস্করণে দেওয়া হচ্ছে, সেভাবে যেন তথ্যপ্রযুক্তির এই সময়ে আমরা তথ্য বাতায়নের জগতে প্রবেশ করতে পারি।’ বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি মো. সাইদুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।