১৩টি আচার পেল বছর সেরা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আ​ফরোজ l ছবি: প্রথম আলো
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আ​ফরোজ l ছবি: প্রথম আলো

টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য স্বাদের আট হাজার ৪৮৩টি আচার। উপকরণেও রয়েছে ভিন্নতা। আম, জলপাই, কামরাঙা, তেঁতুল, চালতা কী নেই তাতে। কয়েক দফা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এসব আচারের মধ্য থেকে বর্ষসেরাসহ ১৩টি আচারকে পুরস্কার দেওয়া হলো ১৫তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার ছিল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরার পুরস্কার জেতেন খুলনার ফারহানা আক্তার। পুরস্কার হিসেবে তিনি পান দুই লাখ টাকা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী ও প্রাণের পরিচালক উজমা চৌধুরী।
২০০১ সালে জাতীয় আচার প্রতিযোগিতায় বিজয়ী গুলশানের সালেহা মনসুর অসুস্থতার কারণে এসেছিলেন হুইল চেয়ারে করে। আচার প্রতিযোগিতা নিয়ে তাঁর অনুভূতির কথা মন ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের। তিনি বললেন, মনের জোর হারাননি, এবারের প্রতিযোগিতাতেও পাঠিয়েছেন পাঁচটি আচার। এবারের প্রতিযোগিতায় টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ নিসাত পারভীন, অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ, দীপা খন্দকার, রোজী সেলিম, কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রান্নাবিদ মনিরা সুলতানা, রূপ বিশেষজ্ঞ শারমিন শীলা, সংবাদ উপস্থাপক ফারহানা নিশো, মহিলা হ্যান্ডবল দলের অধিনায়ক তৃপ্তি এবং আরএফএল হোম মেকার অব দ্য ইয়ারের দ্বিতীয় রানারআপ শারমিন তাবাসসুম।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন টক—জেনিফার মাহমুদ, আনোয়ারা বেগম ও ফেরদৌসী। মিষ্টি—হোসনে আরা জাহান, শবনম নার্গিস ও রোকসানা পারভীন। ঝাল—হোসনে আরা, সাবরিনা খান ও জুবাইদা নাজনীন। অন্যান্য—নূরজাহান চৌধুরী, শৈলী অর্ণা ও মাহমুদা হাসান।