১৩টি ককটেলের বিস্ফোরণ, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অন্তত ১৩টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ছাত্রলীগের অভিযোগ, যুদ্ধাপরাধীদের বিচারের রায় হবে জেনে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের নিয়ে ছাত্রদল এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্রদল এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে পুলিশও ছাত্রদলকেই ককটেল বিস্ফোরণের জন্য দায়ী করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের আসার খবরে রোববার রাত থেকেই ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছিল। সকাল নয়টার দিকে কার্জন হলের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুপুর ১২টার দিকে জহুরুল হক হল গেটের উল্টো দিকে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।এদিকে, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও উপাচার্যের বাসভবন এলাকায় তাঁরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার দায় এড়াতে এ সময় তাঁরা রুবেল নামের এক পথচারীকে বেধড়ক মারধর করে পুলিশে সোপর্দ করেন। তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রথম আলোকে বলেন, মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে ও কেন্দ্রীয় মসজিদের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় মধুর ক্যানটিনের সামনে থেকে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময় কলাভবনের সামনে বিস্ফোরিত হয় আরও দুটি ককটেল।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়, সকাল নয়টার দিকে কার্জন হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সূর্য সেন হলের ছাত্রলীগের কর্মী কামাল আহত হয়েছেন।