১৩টি খাত থেকে ঘুষ নেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাইডাস ভবনে গতকাল প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল (ডানে) ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান l প্রথম আলো
রাজধানীর মাইডাস ভবনে গতকাল প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল (ডানে) ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান l প্রথম আলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রতিষ্ঠানের ছাড়পত্র দেওয়া থেকে শুরু করে ওষুধ নবায়ন করা পর্যন্ত ১৩টি খাত থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ নেন। ঘুষের পরিমাণ ৫০০ থেকে ১৫ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মাইডাস ভবনে ‘ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অধিদপ্তরের কিছু কর্মকর্তার ‘অসাধু’ সম্পর্ক রয়েছে। উৎপাদন ও বিপণনের ওপর নজরদারি করার কমিটিগুলো রাজনৈতিক কারণে ঠিকভাবে কাজ করতে পারছে না। কিছু প্রতিষ্ঠান দেশের বাজারের জন্য কম মানসম্পন্ন এবং বিদেশে রপ্তানির জন্য উচ্চমানসম্পন্ন উপকরণ ব্যবহার করে ওষুধ তৈরি করছে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গবেষণার বিভিন্ন পর্যায়ে অধিদপ্তরের সঙ্গে টিআইবি যোগাযোগ রেখেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের কথা অধিদপ্তর স্বীকার করেছে। তবে টাকার অঙ্ক নিয়ে তারা (অধিদপ্তর) দ্বিমত পোষণ করেছে।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার অভাব একটি বড় চ্যালেঞ্জ। অধিদপ্তরে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ।
গবেষণায় মার্চ ২০১৪ থেকে ২০১৫ জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। গবেষকেরা অধিদপ্তরের বর্তমান ও সাবেক ৩৫ কর্মকর্তা, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪০ কর্মকর্তা, অধিদপ্তর-সংশ্লিষ্ট একাধিক কমিটির পাঁচজন, ওষুধ দোকানের ৩৫ জন মালিক, আটজন বিশেষজ্ঞ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের দুই কর্মকর্তা, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির চারজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে ১০টি দলগত আলোচনার তথ্যও প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয়সহ ১০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, চারটি ওষুধ কারখানা, ঢাকার জাতীয় ওষুধ পরীক্ষাগার ও চট্টগ্রামের কেন্দ্রীয় ওষুধ পরীক্ষাগার পর্যবেক্ষণের তথ্যও নেওয়া হয়েছে।
লেনদেনের খাত: প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষক মো. শাহনূর রহমান ও নাজমুল হুদা মিনা। তাঁরা বলেন, অধিদপ্তরে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয় প্রকল্প স্থানান্তর বা হস্তান্তরের সময়। এ ক্ষেত্রে একেকটি প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের ছাড়পত্র পেতে পাঁচ থেকে ১০ লাখ টাকা নেওয়া হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন, রেসিপি অনুমোদন, ওষুধ নিবন্ধন, লেবেল অনুমোদন, ব্লকলিস্ট অনুমোন, লিটারেচার অনুমোদন, মূল্য নির্ধারণ, ওষুধ রপ্তানির নিবন্ধন ও জিএমপি সনদ, নমুনা পরীক্ষা ও মাননিয়ন্ত্রণ, ওষুধের লাইসেন্স এবং ওষুধের লাইসেন্স নবায়নে অধিদপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন অঙ্কের ঘুষ দিতে হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঠ ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা আইন ভেঙে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোয় পরামর্শক হিসেবে কাজ করেন। অনেক সময় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পছন্দমতো কর্মকর্তাদের কাজে নিয়োগ দেওয়া হয়। ফলে সমঝোতামূলক দুর্নীতির ঘটনা ঘটে। মাঠপর্যায়ে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে অভিযান চালানোর নির্দেশ থাকলেও কিছু কর্মকর্তা অভিযানে যান না, মুঠোফোনে কাজ সারেন।