১৩টি গরু নিয়ে আট ঘণ্টার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ব্যস্ততম মোড় কোর্ট পয়েন্ট। প্রধান চারটি সড়কের সংযোগস্থল হওয়ায় দিন-রাত সব সময় এখানে যানবাহন আর মানুষের ভিড় থাকে। তবে গতকাল বুধবার হরতালের কারণে চিত্র ছিল পুরোপুরি উল্টো।দুপুর সাড়ে ১২টার দিকে ১৩টি গরুর একটি পাল নিয়ে চারজন কৃষক কোর্ট পয়েন্ট এলাকা পার হচ্ছিলেন। যানবাহনের পরিবর্তে তাঁদের ‘হুরর-র হাট হাট...’ শব্দ অনেকেরই দৃষ্টি কাড়ছিল। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, ১৩টি গরু নিয়ে প্রায় ৪০ কিলোমিটার পথ হেঁটে সাড়ে আট ঘণ্টায় তাঁরা সিলেটে পৌঁছেছেন। তাঁদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর এলাকায়। তাঁরা জানান, বোরো চাষ শেষ করে সতেজ করার জন্য ঘাস খাওয়াতে ১৩টি গরু সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাঠিগ্রামে পাঠিয়েছিলেন তাঁরা। সামনে বোরো ধান ঘরে তোলার সময়। ধানমাড়াইয়ের জন্য গরুর প্রয়োজন। তাই গত মঙ্গলবার রাতে ওই গ্রাম থেকে তাঁরা গরুগুলো নিয়ে হেঁটে রওনা করেন। সাড়ে আট ঘণ্টায় তাঁরা ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেটে পৌঁছান। এর মধ্যে পথে দুই বেলা খাওয়ার বিরতিসহ কিছু সময় বিশ্রাম নিয়েছেন তাঁরা।তাঁদের একজনের নাম মইনউদ্দিন। তিনি জানান, হরতাল না হলে একটি ট্রাক ভাড়া করে ১৩টি গরু ঘণ্টা দুয়েকের মধ্যে তাঁরা নিয়ে আসতে পারতেন।