ত্রুটিপূর্ণ ওজনযন্ত্র ব্যবহার করার অভিযোগে গতকাল সোমবার ১৩টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাগুলো করা হয়।
এর আগে বিএসটিআইয়ের সহকারী পরিচালক (মেট) প্রকৌশলী রেজাউল করিমের নেতৃত্বে মোগলটুলি বাজার এলাকার এসব দোকানে অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ওজনযন্ত্র ব্যবহারের প্রমাণ পান।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো জয় জুয়েলার্স, শাহ আমানত কুলিং কর্নার, ইব্রাহিমের মুদির দোকান, দুলাল মিয়ার সবজির দোকান, আবদুল আলিমের মুদির দোকান, টুম্পা গোল্ড ফ্যাশন, আঁখি জুয়েলার্স, নাসির স্টোর, নিউ প্রিয়া জুয়েলার্স, নিউ মোতালেব স্টোর, বাচ্চু মিয়া স্টোর, মো. জাকিরের সবজি দোকান ও মো. মনিরের সবজির দোকান।
সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এই দোকানগুলো বিএসটিআই থেকে ওজনযন্ত্র যাচাই-বাছাইয়ের সনদ নেয়নি। এ ছাড়া ওজনযন্ত্রগুলো ছিল ত্রুটিপূর্ণ। যেকোনো ওজনযন্ত্র ব্যবহারের আগে দোকানিকে অবশ্যই বিএসটিআই কর্তৃক যাচাই-বাছাই সনদ নিতে হবে। এটি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২-এর বিভিন্ন ধারার সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।