১৩টি পরিবারের মানুষ এখন ভাসমান
ফরিদপুরে আদালতের আদেশ উপেক্ষা করে উচ্ছেদের পর সিমেন্টের পিলার, কাঁটাতার ও বাঁশ দিয়ে আটকে ফেলা হয়েছে অনগ্রসর রবিদাস সম্প্রদায়ের (মুচি) ভোগদখল করা ১১ শতাংশ জমি। সেখানে লাগানো হয়েছে সাইনবোর্ড। আর উচ্ছেদ হওয়া ১৩টি পরিবারের ৬৬ জন সদস্য ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। ফরিদপুর পৌরসভার ওই ওয়ার্ডের (২ নম্বর) কাউন্সিলর আনিসুর রহমান বলেন, উচ্ছেদ মোটেও আইনিপ্রক্রিয়ায় হয়নি। এনডিসি শাহরিয়ার মতিন উপস্থিত থেকে সরকারি দলের ক্যাডার বাহিনী দিয়ে অত্যন্ত অমানবিকভাবে এই অসহায় পরিবারগুলোকে উচ্ছেদ করেছে বলে তিনি অভিযোগ করেন। ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান বলেন, দুর্গাপূজার আগে ৫০ বছর ধরে ভোগদল করা জমি থেকে ১৩টি সনাতন ধর্মাবলম্বী পরিবারকে উচ্ছেদের এ ঘটনা কোনো সভ্য সমাজে আশা করা যায় না। গতকাল দুপুরে সরেজমিনে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। দলিত সম্প্রদায়ের লোকেরা কোনো আসবাবপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। ট্রাকে করে ভাঙা ঘরবাড়ি ও আসবাবপত্র ফরিদপুর গোয়ালচামট এলাকার মহিম ইনস্টিটিউশনের মাঠে নিয়ে ফেলা হয়েছে। বাবুল রবিদাস জানান, উচ্ছেদ হওয়া ১৩টি পরিবারের ৬৬ জন সদস্য পাশের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। শমি রবিদাস জানান, সারা রাত বসে সময় কেটেছে। ভয়ে চোখের পাতা এক করা যায়নি। মৌসুমী রবিদাস বলেন, প্রশাসন বা ব্যক্তিগত পর্যায়ে তাঁদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। খেয়ে না-খেয়ে রাত কাটাতে হচ্ছে। উল্লেখ্য, ৩০০ বছর আগে ভারতের বিহার থেকে আসা রবিদাস সম্প্রদায়ের এই পরিবারগুলো ১৯৬২ সাল থেকে সরকারের অধিগ্রহণকৃত ওই জমিতে বসবাস করে আসছিল।