১৩তম বার্ষিকীতে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামপন্থীদের অগ্রযাত্রা থামাতেই ১৩ বছর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা হয় বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, হামলা করে, খুন করে বামপন্থীদের অগ্রযাত্রা থামানো যাবে না।
গতকাল সোমবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে পল্টনে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত সমাবেশে মুজাহিদুল ইসলাম এসব কথা বলেন।
সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, ওই ঘটনার বিচার না হওয়ার ফলেই দেশে বোমা হামলার সংস্কৃতি শুরু হয়। এই হামলাকারীরা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি, এর নেপথ্যের হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
১৩ বছর অতিক্রান্ত হলেও বিচার না হওয়ায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তাঁরা বলেন, বামপন্থীরা ক্ষমতায় গিয়ে এই হত্যার বিচার করবে।
পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের পর পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিপিবি ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণফোরাম, ঐক্য ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাসদ কনভেনশন, গণতন্ত্রী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাম মোর্চা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাপ্তাহিক একতা, সিপিবি-নারী সেল, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।