অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে ওষুধের ১৩টি দোকানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ওষুধের মার্কেট হাজারী গলিতে এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করে র্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।
রাকিব হাসান বলেন, ‘অনুমোদন নেই—এ রকম বিদেশি ওষুধ বিক্রি করছিল তারা। আমরা এ রকম ২৫ কার্টন ওষুধ জব্দ করেছি।’
এ সময় দেশ মেডিকোকে ২৫ হাজার টাকা, ইস্টার্ন ট্রেডার্সকে পাঁচ হাজার, হোসেন করপোরেশনকে ১০ হাজার, পলাশ ফার্মেসিকে ১০ হাজার, বিপি সার্জিক্যালকে পাঁচ হাজার, নাসিমা ফার্মেসিকে পাঁচ হাজার, প্রিয়া মেডিকোকে পাঁচ হাজার, লাকি ফার্মেসিকে পাঁচ হাজার, চট্টগ্রাম মেডিকেলকে ১০ হাজার, শাওন এন্টারপ্রাইজকে ১০ হাজার, পটিয়া ফার্মেসিকে ১৫ হাজার, বাংলাদেশ মেডিকোকে ১০ হাজার ও বড়ুয়া মেডিকোকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।