১৩০ ইউপিতে ভোট পড়েছে ৮০ শতাংশের ওপর
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১৩০টি ইউপিতে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে ৯০টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ১২টিতে জিতেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। বাকি ২৮টিতে জিতেছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
সর্বাধিক ৯৩ দশমিক ৩০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে। সবচেয়ে কম ১০ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নে।
নির্বাচন কমিশন থেকে পাওয়া ৫২২টি ইউপির নির্বাচনী ফল পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। প্রথম ধাপে ৭১২টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে গত মঙ্গলবার।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী ৬৪০টি ইউপির মধ্যে আওয়ামী লীগ ৪৬৯টি, বিএনপি ৪৯, জাতীয় পার্টি-জেপি ৭, জাসদ ৩, ওয়ার্কার্স পার্টি ২, জাতীয় পার্টি ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ১০৭টি ইউপিতে জয় পেয়েছেন। আওয়ামী লীগ ভোট পেয়েছে ৩৬ দশমিক ৪৮ শতাংশ এবং বিএনপি পেয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ হারে।
ছয়টি ইউপিতে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটিতে, বিএনপি দুটিতে ও স্বতন্ত্র প্রার্থী একটিতে জয় পেয়েছেন। এই ইউপিগুলো হলো কুষ্টিয়ার মিরপুরের ফুলবাড়ী ইউনিয়ন (৯১ শতাংশ), খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা (৯১.৬০), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর (৯০.২০), বাংলাবান্ধা (৯৩.৩০), বুড়াবুড়ি (৯০.৯০) ও ভজনপুর (৯১.৪০)। কমিশনের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, ছয়টি ইউপিতে ৫০ শতাংশের নিচে ভোট পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, জেপি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা দুটিতে জয় পেয়েছেন।