১৩০ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টি হলেই কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে শহর এলাকার সড়কগুলোতে খানাখন্দ বেড়েছে। শহর এলাকার ১৪৭ কিলোমিটার সড়কের মধ্যে ১৩০ কিলোমিটারই ক্ষতবিক্ষত। এ অবস্থায় শহরবাসী নাকাল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে শহরের নালাগুলো ভরে পানি উপচে সড়কের ওপর জমে থাকে। এতে খানাখন্দে ভরা সড়কগুলো আরও ক্ষতবিক্ষত হচ্ছে। তার ওপর নালাগুলো যথাসময়ে পরিষ্কার না করার কারণে পানি সরতে পারছে না। শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে কালভার্ট নির্মাণ করে পানির প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শহরের ঠাকুরপাড়া এলাকার রামমালা সড়কটি তিন বছর ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাগিচাগাঁও বড় মসজিদ থেকে রানীর বাজার সড়ক, রূপসী বাংলা পত্রিকার কার্যালয়সংলগ্ন এলাকা থেকে রেলস্টেশন সড়ক, ধর্মপুর চৌমুহনী থেকে রেলস্টেশন সড়ক, তালপুকুরপাড় সড়ক, চকবাজার, দক্ষিণ চর্থার ইপিজেড সড়ক, মুরাদপুর, কাপ্তানবাজার, মগবাড়ী চৌমুহনী থেকে কালিয়াজুড়ি সড়ক, রাজাপুর, নেউরা ও রেইসকোর্স এলাকার প্রায় সব সড়কই ভাঙাচোরা। এসব সড়কের পাশের নালায় পৌরবাসী নিজেরাই ময়লা ফেলে পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে রেইসকোর্স কাঠেরপুল এলাকায় নালার ওপর ব্যক্তিমালিকানাধীন কালভার্ট নির্মাণ করে পানির প্রবাহে বাধা দেওয়া হচ্ছে। একই অবস্থা শাকতলা এলাকায়ও। এদিকে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখা। একই সঙ্গে কলেজের ছাত্রাবাসগুলোতেও পানি ওঠে। একই অবস্থা কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কুমিল্লা বিসিক শিল্পনগরের। শহরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা আবদুল হান্নান, রেইসকোর্স এলাকার বাসিন্দা শাহজালাল ভূঁইয়া, বাগিচাগাঁও এলাকার মহিউদ্দিন আলম বলেন, রাস্তাঘাটে গর্তের কারণে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। ১৪৭ বছরের পুরোনো কুমিল্লা শহর এলাকার রাস্তাঘাটের রুগ্ণ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ বলেন, শহরের কাজগুলো আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়, যে কারণে এসব কাজের মান ভালো হয় না। শহরের কান্দিরপাড়-ঝাউতলা সড়কটি এক বছর আগে নির্মাণ করা হলেও এখনই এর পিচ উঠে গেছে। সরেজমিনে বাদুরতলা ওয়াইডব্লিউসিএ স্কুলের সামনে গিয়ে দেখা গেছে, সেখানে কমপক্ষে ১৫টি বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ বিভিন্ন বাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, ‘কুমিল্লা শহরের ১৪৭ কিলোমিটার সড়কের ওপর যানবাহন ও মানুষের তীব্র চাপ রয়েছে। সীমিত অর্থ দিয়ে আমাদের সড়ক মেরামত করতে হয়। দীর্ঘদিন সড়কগুলো মেরামত না হওয়ায় এখন প্রায় ১৩০ কিলোমিটার সড়কই ক্ষতবিক্ষত। বাজেট না থাকায় নালাগুলো সময়মতো পরিপূর্ণভাবে পরিষ্কার করা যায়নি। সামনে অর্থ বরাদ্দ পেলে এগুলোর কাজ করা হবে। শহরের প্রধান সড়কগুলো শিগগিরই মেরামত করা হবে। ইতিমধ্যে সাড়ে তিন কোটি টাকার কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। কান্দিরপাড়-ঝাউতলা সড়ক নির্মাণকারীদের জামানত কর্তন করা হবে। বৃষ্টির পর সড়কটি পুনরায় মেরামত করা হবে।’ কুমিল্লা পৌরসভার সর্বশেষ মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘বরাদ্দ কম থাকায় সড়কগুলো সময়মতো মেরামত করা যায়নি। শিগগিরই কয়েকটি সড়কের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সব সড়কের কাজ শুরু হবে।’