১৩০ কোটি টন খাবার নষ্ট হচ্ছে অপুষ্টিতে ভোগে ৯০ কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জতিসংঘ বলছে, প্রতিবছর বিশ্বে ১৩০ কোটি টন খাবার নষ্ট হয়। বর্তমানে ৯০ কোটি মানুষ অপুষ্টির শিকার। অন্যদিকে অপরিমিত খাওয়ার কারণে ১০০ কোটি মানুষ নানা রোগে ভুগছে। জাতিসংঘের টেকসই কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ কমিশনের (সিসিএএফএস) প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে ওই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৪০ কোটি মানুষ দৈনিক ১ দশমিক ২৫ ডলার বা ১০০ টাকার নিচে আয় করে। খরাপ্রবণ এলাকায় বসবাসকারী ২০০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন বাংলাদেশের খাদ্যনিরাপত্তার জন্য হুমকি। সরকার খাদ্যনিরাপত্তার জন্য ৭৮০ কোটি ডলারের পরিকল্পনা করেছে। সিসিএএফএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে দাঁড়াবে। জলবায়ু পরিবর্তন ছাড়াও জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনসংখ্যার একটা বড় অংশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। প্রতিবেদেন টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।জাতিসংঘের ওই কমিশনে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের গবেষণা প্রতিষ্ঠান যুক্ত ছিল। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের প্রতিনিধিরা কমিশনে ছিলেন। কমিশন ওই প্রতিবেদনে বলেছে, বিশ্বে প্রতিবছর এক কোটি ২০ লাখ হেক্টর কৃষিজমি কমছে। ওই জমিতে দুই কোটি টন খাদ্য উৎপাদন সম্ভব ছিল। এ বছর জলবায়ু পরিবর্তনজনিত কারণে ৭৫০ কোটি ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে। কমিশনের চেয়ারম্যান জন বেডিংটন প্রতিবেদনে বলেছেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সামাজিক সমতাও নিশ্চিত করতে হবে। প্রতিবেদনের তথ্যের বিষয়ে জানতে চাইলে এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই। একে মোকাবিলার যথেষ্ট প্রযুক্তি আছে। পানি কম ব্যবহার করে এবং জৈবসার ব্যবহারের মাধ্যমে কম কার্বন নিঃসরণ করে উৎপাদন সম্ভব। তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের জলবায়ু বিপন্ন রাষ্ট্রগুলোকে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সমন্বিতভাবে নীতি কাঠামোয় আনতে হবে।’