১৩০ যৌনকর্মীকে খাদ্য সহায়তা দিল গিফট ফর গুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌনকর্মীদের সহায়তা দিয়েছে গিফট ফর গুড। ছবি: গিফট ফর গুড
যৌনকর্মীদের সহায়তা দিয়েছে গিফট ফর গুড। ছবি: গিফট ফর গুড

যৌনকর্মী বা সেক্সওয়ার্কার! শব্দটা শুনলেই আমাদের ভ্রু কুঁচকে যায়, এমনকি নজরটাও পাল্টে যায়। ভাবনা তো দূরে থাক, তাঁদের আমরা মানুষের তালিকাতেই গণ্য করি না। হয়তো এই মানুষগুলোর গল্প কেউ জানতেই চায় না। করোনাসংকটের এই সময়ে যৌনকর্মীদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে গিফট ফর গুড নামের একটি সংগঠন। বরাবরের মতো এবারও সংগঠনটি নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতায় দেশব্যাপী কাজ করে চলেছে সামাজিক সংগঠন গিফট ফর গুড। তারই অংশ হিসেবে রোববার (৩ মে) গিফট ফর গুডের স্বেচ্ছাসেবকেরা রাজধানীর ১৩০ জন যৌনকর্মীকে খাদ্যসহায়তা দিয়েছেন।

যৌনকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আটা, ছোলা, মুড়ি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় এবং রমজানের খাদ্যসামগ্রী। পরিবারপ্রতি দেওয়া হয়েছে সাত দিনের বাজার।

গিফট ফর গুডের এ কাজে অনুদান দিয়ে সহায়তা করেছেন সাফফাত রাব্বী অনিক এবং রিসোর্স কো-অর্ডিনেশন নেটওয়ার্ক বাংলাদেশের মাহিয়া রহমান। বাংলাদেশ থেকে পাওয়া একটি ই-মেইলে সাফফাত রাব্বী বাংলাদেশের যৌনকর্মীদের দুর্দশার কথা জানতে পারেন এবং ফেসবুকের মাধ্যমে ফান্ড রাইজ করেন।

১৩০ যৌনকর্মীর কাছে এক সপ্তাহের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ছবি: গিফট ফর গুড
১৩০ যৌনকর্মীর কাছে এক সপ্তাহের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ছবি: গিফট ফর গুড

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে গিফট ফর গুডের কার্যক্রম চলছে! এখন পর্যন্ত পাঁচ হাজারেরও অধিক পরিবারকে গিফট ফর গুড খাদ্য ও ওষুধ সহায়তা হিসেবে দিয়েছে। রাজধানীর বনানী, ধামরাই, দেওয়ানগঞ্জের ৬০০ জন তৃতীয় লিঙ্গের মানুষ, ২০০ জন বিভিন্নভাবে দক্ষ মানুষ, ঢাকা এবং মোংলায় ৩০০ জন যৌনকর্মী , কালাচাঁদপুরের গারো সম্প্রদায়, নাটোরের সাঁওতাল জনগোষ্ঠী, মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়সহ সমগ্র ঢাকা শহরের প্রায় দুই হাজার বস্তিবাসীবাসীকে সহায়তা করা হয়েছে। এর পাশাপাশি বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচিও চলছে সমানভাবে। শুধু রাজধানী ঢাকা বা এর আশপাশেই নয়, প্রত্যন্ত অঞ্চলেও গিফট ফর গুড তাঁদের কার্যক্রম চালিয়ে গেছে। ভোলা, মহেশখালী, বরিশালের ৪০০ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। বিজ্ঞপ্তি