অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত ১১টি শিল্প গ্রুপের ১৩০টি লাইটার জাহাজ ভিন্ন একটি সংস্থায় তালিকাভুক্ত করতে এসব শিল্প গ্রুপকে চিঠি দিয়েছে জাহাজ মালিকদের দুটি সংগঠন। আগামী ১৮ জুনের মধ্যে এসব শিল্প গ্রুপের মালিকানাধীন জাহাজগুলোকে ওয়াটার ট্রান্সপোর্ট সেল নামে আলাদা একটি সংস্থায় তালিকাভুক্ত করে পরিচালনার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। পণ্য পরিবহনে নিয়োজিত এসব জাহাজ পরিচালনা নিয়ে নতুন এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাহাজ মালিকদের দুটি সংগঠনের মতে, এই খাতের ভারসাম্য রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উদ্যোগ বাস্তবায়িত হলে নিজেদের পণ্য পরিবহনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প-মালিকেরা। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজগুলো জেটিতে ভিড়ে পণ্য খালাস করতে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট আকারের লাইটার জাহাজে পণ্য বোঝাই করে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাট ও দেশের ১৬টি গন্তব্যে পণ্য পরিবহন করা হয়। এর মধ্যে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তালিকাভুক্ত প্রায় ৪৫০ জন মালিকের ৭৫০টি লাইটার জাহাজ এসব রুটে পণ্য পরিবহন করে। এর বাইরে ১১টি শিল্প গ্রুপের ১৩০টি জাহাজ শুধু নিজেদের পণ্য পরিবহন করে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি সংগঠন এ মাসের প্রথম সপ্তাহে এসব শিল্প গ্রুপকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। চিঠিতে নানা যুক্তি তুলে ধরে এসব জাহাজকে ওয়াটার ট্রান্সপোর্ট সেল-ডব্লিউটিসির তালিকাভুক্ত করতে বলা হয়। এই চিঠি মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, আকিজ গ্রুপ, সিটি গ্রুপসহ ১১টি শিল্প গ্রুপের কাছে পাঠানো হয়। দুটি সংগঠন থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্যভর্তি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকারসহ শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য খালাস করে দ্রুত নিজেদের কারখানায় নেওয়ার জন্য বিভিন্ন শিল্প গ্রুপ নিজেদের জাহাজে পণ্য পরিবহন করছে। নিজেদের জাহাজ অন্য সংস্থার তালিকাভুক্ত করার এখতিয়ার জাহাজ মালিকদের দুটি সংগঠনের আছে কি না সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।