১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টিতেই শৌচাগার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি-বেসরকারি ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শৌচাগার নেই। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়গুলো থেকে শিক্ষা কার্যালয়ে প্রেরিত মাসিক প্রতিবেদন অনুযায়ী উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টিতেই শৌচাগারের সুবিধা নেই। এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা শৌচাগার ব্যবহার করতে গ্রামের বিভিন্ন বাড়িতে যান। তবে শিক্ষার্থীদের অনেকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শৌচাগার না থাকায় তাঁরা দুর্ভোগে পড়েন। অনেক সময় বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে।পাতারি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানান, বিদ্যালয়ে আড়াই শ ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক থাকলেও কোনো শৌচাগার নেই। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে।মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে খোলা স্থানে মূত্র ত্যাগ করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর ভট্টাচার্য বলেন, ২০০২ সালে বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয়। কিন্তু জায়গার সংকট থাকায় শৌচাগার হয়নি। তাই অধিকাংশ শিক্ষার্থীই উপজেলা পরিষদসংলগ্ন রাস্তায় মূত্র ত্যাগ করে।মাটিয়ান হাওরের দক্ষিণপারে অবস্থিত উমেদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর বলেন, ২০০০ সালে বিদ্যালয়ের নতুন ভবনের সঙ্গে দুটি শৌচাগার নির্মাণ করা হলেও ভূমি থেকে পাঁচ ফুট উঁচুতে হওয়ায় তা কোনো দিনই ব্যবহার করা যায়নি।শনির হাওরের দক্ষিণপারে অবস্থিত সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার দে জানান, ১৯৯৯ সালে নতুন ভবন নির্মাণ করা হলেও প্রথম দিন থেকেই শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী। তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বলেন, স্থান সংকটের কারণে মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণ করা যাচ্ছে না। উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের প্রক্রিয়া চলছে।তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জানান, বিদ্যালয়গুলোতে শৌচাগার নির্মাণের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।