১৩০০ টন ক্লিংকার নিয়ে মেঘনায় কার্গোডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি হেকমত নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এমভি চিতলমারী নামের ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি কার্গো ডুবে গেছে। সদরের পুরান বাজার হরিসভা এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। এ সময় কার্গোর ১২ আরোহীর সবাই সাঁতরে তীরে উঠে আসেন।
কার্গোর মাস্টার আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি চিতলমারী নামের কার্গোটি এক হাজার ৩০০ টন ক্লিংকার নিয়ে চাঁদপুর হয়ে ঘোড়াশালে যাচ্ছিল। পথে পুরান বাজার এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী তেলবাহী ট্যাংকার এমভি হেকমত কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোটির তলা ফেটে নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুরান বাজার ফায়ার সার্ভিস ও চাঁদপুর নৌফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেলবাহী ট্যাংকারটি আটক করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্গোটির সন্ধানে নেমেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন বলেন, বিকেলে বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।