১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশেই ১৩ তলা ভবন
ভবনটির ঠিক পাশ ঘেঁষেই চলে গেছে এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন। সঞ্চালন লাইন থেকে ভবনের দূরত্ব মাত্র ৭-১০ ফুট। ভবনের নির্মাণকাজ চলাকালে লাইনের ওপর নির্মাণসামগ্রী পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল একাধিকবার। পরে সঞ্চালন লাইন যাতে ভবন স্পর্শ না করে, এ জন্য নকশায় আনা হয় পরিবর্তন।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল সংযোগ সড়কের পাশেই নির্মিত হয়েছে ‘ডিউ উদয়ন’ নামের ১৩ তলাবিশিষ্ট ভবনটি। এটি নির্মাণ করেছে ডিউ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান। ভবনটিতে ৩১টি ফ্ল্যাট রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করায় নির্মাণকারী প্রতিষ্ঠানকে গত বছরের ২৭ মে নোটিশ দিয়েছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বাকলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র। এ ব্যাপারে তদারককারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নোটিশ দিয়ে তাদের দায় সেরেছে বলে অভিযোগ উঠেছে।
পিজিসিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘ভবনের একেবারে পাশ ঘেঁষে চলে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করায় আমরা ওই সময় চিঠি দিয়েছিলাম। সিডিএকেও বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার জানা নেই। সিডিএ চোখ বন্ধ করে রাখলে আমাদের তো কিছু করার নেই। কেননা, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে সিডিএর।’
প্রবীর কুমার দাশ আরও বলেন, ‘সিডিএ ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার আগে আমাদের কাছ থেকে অনাপত্তি পত্র নেওয়া উচিত ছিল। এতে ঝুঁকি এড়ানো সম্ভব হয়। শুরুতে ব্যবস্থা নেওয়া হলে এই অবস্থার সৃষ্টি হতো না। ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পর ব্যবস্থা নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য ৭ থেকে ১০ ফুট দূরত্ব কিন্তু খুব বেশি না। এর মধ্যে ভবন নির্মাণ করা হলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। অনেক সময় ভবনও বিদ্যুতায়িত হতে পারে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন যাতে ভবন স্পর্শ করতে না পারে সে জন্য ভবনের পঞ্চম থেকে নবম তলা পর্যন্ত নকশা পরিবর্তন করা হয়। ভবনের এই অংশ ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে বিদ্যুতের সঞ্চালন লাইন ভবনের একেবারে পাশ ঘেঁষে চলে গেছে। এ ছাড়া ভবনের সামনে নকশার কোনো ব্যানার টাঙানো হয়নি।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান প্রথম আলোকে বলেন, ‘নকশার বিচ্যুতি ঘটিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। পিডিবিও ভবন নির্মাণের সময় নোটিশ দিয়েছিল। এসবের পরিপ্রেক্ষিতে নির্মাণকারী প্রতিষ্ঠানকে আমরা নোটিশ দিয়েছিলাম।’ কবে নাগাদ নোটিশ দেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে ফাইলটি খুঁজে পাচ্ছি না।’
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘সিডিএ মৌখিকভাবে নিয়মনীতি অনুসরণ করে ভবন নির্মাণ করতে বলেছিল। আমরা তা-ই করেছি। আর বিদ্যুৎ সঞ্চালন লাইনের যাতে ক্ষতি না হয়, তার জন্য ব্যবস্থা নিয়েছি। এমনকি পঞ্চম তলা থেকে নবম তলা পর্যন্ত অংশে ভবনটি চার ফুট ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।’ পিজিসিবির নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘তারা ভবন নির্মাণে সতর্কতা অবলম্বন করার জন্য নোটিশ দিয়েছিল।’