১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন হচ্ছে মহেশখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত হোটেলে দুই দেশের সংশ্লিষ্ট সরকারি পর্যায়ে এই স্মারক সই হয়।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এটি চতুর্থ স্মারক। এর আগে ভারত, চীন ও জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়। ভারতের সঙ্গে বাগেরহাটের রামপালে, চীনের সঙ্গে পটুয়াখালীতে এবং জাপানের সঙ্গে কক্সবাজারের মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করবে বাংলাদেশ।
এ ছাড়া, চলতি বছরেই দক্ষিণ কোরিয়ার কোম্পানি কেপকোর সঙ্গেও সমঝোতা স্মারক সই হতে পারে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল প্রথম আলোকে বলেন। তাঁরাও মহেশখালীতে একই ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র করবেন। এ ব্যাপারে আলোচনার জন্য আগামী মাসেই কেপকোর প্রতিনিধিদল ঢাকায় আসবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার অর্ধেক হবে কয়লায়। এ ক্ষেত্রে দেশীয় কয়লা ব্যবহারের পরিকল্পনাও সরকারের রয়েছে। সেই কয়লা তোলার জন্য উপযুক্ত প্রযুক্তি নির্ধারিত হয়নি। আশা করা যায়, ভবিষ্যতে সে প্রযুক্তি পাওয়া যাবে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামোবিষয়ক বিশেষ দূত (মন্ত্রী পদমর্যাদার) দাতো সেরি উতামা এস সেমি বেলু বলেন, বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনার নরলিন বিনতি অথম্যান, সে দেশের সরকারি বিদ্যুৎ কোম্পানি টেনাগা ন্যাশনাল বেরহাডের (টিএনবি) ভাইস প্রেসিডেন্ট দাতো মো. নাজরি শাহারুদ্দিন, পাওয়ারটেক এনার্জি বেরহাডের (পিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা অং পেং সু এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. আব্দুহু রুহুল্লাহ্ বক্তব্য দেন।