১৩৪ কোটি টাকার পণ্য জব্দ: জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
চট্টগ্রাম বন্দরে জালিয়াতি করে ১২ কনটেইনারে ১৩৪ কোটি টাকার পণ্য আনার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তদন্ত কমিটি গঠন করেন।
অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটির অপর সদস্যরা হলেন উপপরিচালক মো. সাইফুর রহমান ও সহকারী পরিচালক তারেক মাহমুদ।
কমিটি গঠনের কথা জানিয়ে মইনুল খান প্রথম আলোকে বলেন, কমিটি ১২ কনটেইনার পণ্য আনার ঘটনায় কারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করবে এবং দায়দায়িত্বও নিরূপণ করবে। এই ১২ কনটেইনারের আগে একই আমদানিকারকের যেসব চালান খালাস হয়েছে, সেগুলোর সঙ্গে এই চালানের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখবে। কমিটিকে যত দ্রুত সম্ভব সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত সোম ও মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দারা ১২টি কনটেইনার খুলে ১৩৪ কোটি টাকার সিগারেট, মদ, টেলিভিশন ও ফটোকপি মেশিন পায়। প্রাণিখাদ্য তৈরির যন্ত্র আমদানির আড়ালে এসব পণ্য নিয়ে আসে ঢাকার ডুমনি খিলক্ষেত ‘হিনান আনহুই এগ্রো এলসি’ এবং কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের ‘এগ্রো বিডি অ্যান্ড জেপি’ নামের দুটি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খোরশেদ আলম নামের এক ব্যক্তি। এসব পণ্য খালাসে নিয়োজিত ছিল রাবেয়া অ্যান্ড সন্স নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।