কক্সবাজার শহরে লোডশেডিং চলাকালে চোরাই বিদ্যুৎ ব্যবসা করে টাকা হাতিয়ে নেওয়ার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাঁচ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত শহরের ১৩৪টি দোকানপাটসহ ব্যবসাকেন্দ্র থেকে অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেন।
সেলিম রেজার নেতৃত্বে ১০ জনের একটি সিন্ডিকেট জেনারেটর ব্যবসার নামে অবৈধভাবে সরকারি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতের দলে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীবুল আলম, তোফায়েল আহমদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সামছুল আলম প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী সামছুল আলম বলেন, গত সোমবার জেনারেটর ব্যবসায়ী চক্রের প্রধান সেলিম রেজা ও তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আরও আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত দুটি জেনারেটরসহ বিপুল পরিমাণ তার ও সরঞ্জাম জব্দ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকান-কর্মচারী বলেন, সেলিম ও তৌহিদের নেতৃত্বে কয়েকজন লোক জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের কথা বলে শহরের লালদীঘিরপাড়, অ্যান্ডারসন সড়ক, শেখ রাসেল সড়ক, হাসপাতাল সড়ক, পানবাজার সড়ক, সুপার মার্কেট, হকার্স মার্কেট, বাজারঘাটাসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক গ্রাহক তৈরি করেন। লোডশেডিং চলাকালে তাঁরা অন্য এলাকার তার থেকে সরকারি বিদ্যুৎ চুরি করে গোপনে দোকানপাটে সরবরাহ দিতেন এবং প্রতি মাসে প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন। চার মাস ধরে এ ব্যবসা চললেও কেউ টের পাননি।
বিউবো কার্যালয় সূত্র জানায়, বর্তমানে জেলায় বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাচ্ছে দিনে ১৮ এবং রাতে ৩৩ মেগাওয়াট। ফলে লোডশেডিং করতে হচ্ছে। শহরে চলাচলকারী প্রায় ১২ হাজার টমটম গাড়ির ২৫ হাজার ব্যাটারি চার্জ দিতেই দৈনিক তিন মেগাওয়াট বিদ্যুতের অপচয় হচ্ছে।