১৩৪টি লেভেল ক্রসিংয়ের ১২২টিতেই গেটম্যান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ১০৮ কিলোমিটার রেলপথের ১৩৪টি লেভেল ক্রসিংয়ের মাত্র ১২টিতে গেটম্যান রয়েছেন। বাকি ১২২টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান তো দূরের কথা গেটই নেই। এসব স্থানে শুধু সাইনবোর্ড ঝুলিয়ে দায়িত্ব সেরেছে রেল বিভাগ।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ের লোকজন বলছেন, জেলার বেশির ভাগ লেভেল ক্রসিংয়ের আশপাশে রয়েছে অবৈধ স্থাপনা। এ কারণে ট্রেন আসছে কি না, তা অনেক সময়ই টের পাওয়া যায় না। যেসব লেভেল ক্রসিংয়ে গেট আছে, সেগুলোতেও পর্যাপ্ত জনবল নেই। এসব কারণে লেভেল ক্রসিংগুলোয় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তাঁরা লেভেল ক্রসিংগুলোয় গেট তৈরি ও এর আশপাশের স্থাপনা উচ্ছেদের দাবি করেন।

সর্বশেষ গত বুধবার জামালপুর সদর উপজেলার ফৌজদারি-চন্দ্রা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ সাত আরোহী নিহত হয়েছেন। এই ক্রসিংটিতে কোনো গেট নেই। এটির আশপাশে রয়েছে অবৈধ স্থাপনা।

জানতে চাইলে জামালপুর রেল জংশন উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, লেভেল ক্রসিং এলাকার দুই পাশের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সে অনুযায়ী গতকাল বৃহস্পতিবার চন্দ্রা এলাকার লেভেল ক্রসিংয়ের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রেলওয়ের জামালপুর সেকশনের অধীনে ১০৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে পিয়ারপুর-জামালপুর ২৭ কিলোমিটার, জামালপুর-তারাকান্দি ৩৫ কিলোমিটার ও জামালপুর-বাহাদুরাবাদ ঘাট ৪৬ কিলোমিটার। এই পথের বিভিন্ন স্থানে কাঁচাপাকা সড়কে ১৩৪টি লেভেল ক্রসিং রয়েছে।এর মধ্যে ৮৯টি বৈধ। বাকি ৪৫টি ক্রসিং রেলওয়ের অনুমতি না নিয়েই করা হয়েছে।মোট ক্রসিংয়ের১২২টিতে গেট নেই। এগুলোর তিন ভাগেরও বেশি ক্রসিংয়ের আশপাশে অবৈধ স্থাপনা রয়েছে। ১২টি ক্রসিংয়ে গেট থাকলেও গেটম্যান আছেন দুজন করে। তাঁরাই ১২ ঘণ্টা করে দায়িত্ব পালন করেন। নিয়ম অনুযায়ী থাকার কথা ছয়জন করে। বাকিগুলোতে সাইনবোর্ড টাঙানো রয়েছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার শেখেরভিটা, চন্দ্রা, হরিপুর, মাছিমপুর, কানিল, লাঙ্গলজোড়া, পশ্চিম ফুলবাড়িয়া ও বটতলা এবং শরিফপুর এলাকার মুকুল বাজার লেভেল ক্রসিংয়ের একটিতেও গেট ব্যারিয়ার ও গেটম্যান নেই। এসব লেভেল ক্রসিংয়ে সাইনবোর্ড ঝোলানো। এর কোনোটিতে লেখা, ‘এটি অবৈধ রেলগেট। এখানে গেটম্যান নেই। নিজ দায়িত্বে পারাপার হোন’। আবার কোনোটিতে লেখা, ‘সাবধান, এই গেটে গেটম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহনের
চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন। কোনোরূপ দুর্ঘটনার জন্য নিজেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন’। এর মধ্যে মাছিমপুর ছাড়া সবগুলোরই আশপাশে স্থাপনা রয়েছে।

গত বুধবারের দুর্ঘটনাটি ঘটে চন্দ্রা লেভেল ক্রসিংয়ে। এ এলাকার রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনাটির জন্য লেভেল ক্রসিংয়ের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বাড়িঘর নির্মাণ দায়ী। এসব স্থাপনার কারণে সড়কটির দুই পাশ থেকে ট্রেন দেখা যায় না। এ ছাড়া গেটম্যান তো নেই-ই। বাকি লেভেল ক্রসিংগুলোরই একই অবস্থা। এগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

বটতলা এলাকার আপেল মিয়া ইজিবাইক চালক। সম্প্রতি বটতলা লেভেল ক্রসিংয়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস তাঁর ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে গেলেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি বলেন, ‘লেভেল ক্রসিংয়ের দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন এলেও দেখা যায় না। ওই দিনও ট্রেন আসছে কি না বুঝতে পারি নাই। লাইনের ওপর ওঠার সঙ্গে সঙ্গে তিস্তা ধাক্কা দেয়। আমাকেসহ ইজিবাইকটি এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে আমার দুই পা ভেঙে যায়। লেভেল ক্রসিংয়ের দুই পাশের অবৈধ দোকানপাট না থাকলে দুর্ঘটনা অনেক কমে যাবে।’

জামালপুর রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের লাঙ্গলজোড়া লেভেল ক্রসিংয়ে গত তিন বছরে ২০ থেকে ২৫টি দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে। ২০১৬ সালে আন্তনগর ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটির চালক ও সহকারী আহত হন। ২০১৬ সালের জুলাইয়ে চন্দ্রা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনজন নিহত হন। একই স্থানে ২০১৫ সালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু হয়। ২০১৫ সালের অক্টোবরে মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় ছয়জন নিহত হন।

স্টেশনমাস্টার মির্জা সামছুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ অনেক লেভেল ক্রসিংয়ে গেট ব্যারিয়ার স্থাপন ও গেটম্যানের কক্ষ নির্মাণের কাজ চলছে। দ্রুত এসব লেভেল ক্রসিংয়ে জনবল নিয়োগ হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।