১৩৬০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সই

চীনের ১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে ১ হাজার ৩৬০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সই করেছে বাংলাদেশের ১১টি বেসরকারি ও ২টি সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৭ হাজার ৪৪০ কোটি টাকা। এসব চুক্তির আওতায় চীনা কোম্পানিগুলো মূলত বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শুক্রবার বাংলাদেশ-চীন ব্যবসায়িক ফোরামের বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসা ব্যবসায়ীদের নিয়ে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও চীনের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল (সিসিপিআইটি)। এতে চীনের প্রায় ৮৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেয়।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সাংবাদিকদের ১৯টি চুক্তির একটি তালিকা দেওয়া হয়। পরে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ চীনা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে সাংবাদিকদের জানান, মোট চুক্তি হয়েছে ১৩টি। চুক্তিতে অংশ নেওয়া চীনা কোম্পানিগুলোর মধ্যে কিছু সরকারি ও কিছু বেসরকারি। বাকি চুক্তিগুলো হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাকিরা ট্রেন ধরতে পারেনি।’
স্টেডিয়াম নির্মাণের দুটি চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাকি ১১টি চুক্তিতে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারেরা স্বাক্ষর করেন। বেসরকারি খাতের বেক্সিমকো, ওরিয়ন, মেঘনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তিগুলো হয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হলো। যেসব চুক্তি স্বাক্ষরিত হলো, তার ফলে বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বাড়বে। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবেন।’
চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশ উদারনীতি অনুসরণ করে। এ দেশে বিদেশি বিনিয়োগ আইন দ্বারা সুরক্ষিত। চীনারা বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশের অর্থনীতিই লাভবান হবে।
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। চীনের প্রতিনিধিদলের এই সফর সেই সম্পর্ককে আরও এগিয়ে নেবে। তিনি বলেন, যে ১৩টি চুক্তি হলো দ্রুতই সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে পথে হাঁটছে, এই চুক্তি তার একটি ধাপ।
সিসিপিআইটির চেয়ারম্যান চেন ঝো বলেন, টেক্সটাইল, অটোমোবাইল, যন্ত্রাংশ, জাহাজ নির্মাণ, অবকাঠামোসহ বিভিন্ন খাতে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, এফবিসিসিআই ও সিসিপিআইটিয়ের মাধ্যমে নতুন যোগসূত্র হলো। এর ফলে উভয় দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো যাবে। চীনের অর্থায়নে বাংলাদেশে উৎপাদিত পণ্য চীনে রপ্তানি করে দুই দেশের মধ্যে বাণিজ্যবৈষম্য দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক ও চামড়া খাতে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান রেজাউল কবির, চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট চং উ দং এতে বক্তব্য দেন। প্রশ্নোত্তরপর্বে বাংলাদেশের ব্যবসার পরিবেশসহ নানা বিষয়ে জানতে চান চীনের ব্যবসায়ীরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম ও মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার চীনের ৭টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে ১৮ কোটি ৬০ লাখ ডলারের ব্যবসায়িক চুক্তি করে বাংলাদেশের ১৩টি কোম্পানি টাকার অঙ্কে যা প্রায় দেড় হাজার কোটি টাকা। এ চুক্তির আওতায় মূলত বাংলাদেশি কোম্পানিগুলো মূলত চীনে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও হিমায়িত খাদ্য রপ্তানি করবে।