১৩৭ কেন্দ্রের ১০৪টিই গুরুত্বপূর্ণ
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টিকেই গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে মহানগর পুলিশ। এদিকে নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ৩৮৬, আর নারী ভোটার এক লাখ ৪৩ হাজার ৫০২ জন। ভোটাররা তিনজন প্রার্থীর মধ্য থেকে নগরপিতা নির্বাচন করবেন। পাশাপাশি ৩০টি ওয়ার্ডে ৩০ জন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। ৮৭১টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১৩৭ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৭১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, ১৩৭টি কেন্দ্রের মধ্যে বোয়ালিয়া থানায় ৭১টি, রাজপাড়া থানায় ৪৩টি, মতিহার থানায় ১৫টি এবং শাহ মখদুম থানায় ১৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বোয়ালিয়ার ৬১টি, রাজপাড়ায় ২৫টি, মতিহারের ১০টি এবং শাহ মখদুমের আটটি কেন্দ্র গুরুত্বপূর্ণ। বাকি কেন্দ্রগুলো সাধারণ।
মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান জানান, গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৪ জন করে সদস্য মোতায়েন করা হবে।