১৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজার সীমান্তের টেকনাফ ও উখিয়ার দুই উপজেলা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা আটটি নৌকায় থাকা ১৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ থেকে (আজ) আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট ও উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত থেকে আজ সকাল আটটা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট আটটি রোহিঙ্গা বহনকারী নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির জওয়ানেরা তাদের প্রতিহত করলে তারা বাধ্য হয়ে মিয়ানমারে ফিরে যায়। তবে ওই নৌকায় ১২০ জন রোহিঙ্গার মধ্যে ৮৮ জন শিশু ছিল।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে ১৭ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে বিজিবির জওয়ানদের বাধার মুখে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যায়।