১৩৮৩টি স্কুলে আই-জেন
দেশব্যাপী গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুল পর্যায়ের প্রতিযোগিতা গতকাল রোববার ১১৮টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল পর্যন্ত আই-জেন কার্যক্রমের স্কুল পর্যায়ের এই আয়োজন মোট ৬৪ জেলার মোট ১৩৮৩টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৫৬ জেলার মোট ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতা। গত ২৫ এপ্রিল এ প্রতিযোগিতা শুরু হয়। দেশের সবকটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা চলবে। এ আয়োজনের সহযোগী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।
আই-জেনে প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানের মূলত দুটি অংশ আছে। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেটের ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে কলমে শিখতে পারছে। এ ছাড়া শিক্ষার্থীরা ইন্টারনেটকে কীভাবে পড়াশোনা ও জ্ঞানার্জনে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে, সে বিষয়ে কর্মশালা পরিচালনা করা হচ্ছে৷ পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তি জ্ঞান নিয়ে আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, ওপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।