বগুড়া জেলার শেরপুর পৌরসভাটি গঠিত হয়েছে ১৩৯ বছর আগে ব্রিটিশ আমলে। এটি বগুড়া সদর পৌরসভারও এক দিন আগে হয়েছিল, বিষয়টি নিয়ে শেরপুরের মানুষ গর্বও করেন।
তাঁরাই এখন বলছেন, ঐতিহ্যের এই গর্ব ছাড়া শেরপুর পৌরসভা নিয়ে বলার মতো তেমন কিছু নেই। এখানে নেই তেমন নাগরিক সুবিধা। নাগরিকেরা নিজেরাই নিজেদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেন। পাইপে পানি সরবরাহের ব্যবস্থা পৌরসভার নেই। পয়োনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। চিত্তবিনোদনের ব্যবস্থা নেই। কাগজপত্রে একটি ‘শিশুপার্ক’ থাকলেও সেখানে আছে কেবল লোহার দুটি ভাঙা সিঁড়ি। অর্থসংকটের কারণে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া ১০ থেকে ২২ মাস পর্যন্ত। তাই পৌরবাসী বলছেন, পৌরসভার কেবল ঐতিহ্যই আছে, আর কিছু নেই। এমনকি পৌরসভায় তার লিখিত ইতিহাসও নেই।
১৮৭৬ সালে গঠিত এই পৌরসভায় বর্তমানে জনসংখ্যা প্রায় ২৫ হাজার। এর আয়তন ১০ দশমিক ৩৯৫ বর্গকিলোমিটার। শেরপুরে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৫ শতাংশ, যা বগুড়া সদরের চেয়েও প্রায় আড়াই শতাংশ বেশি।
শেরপুর পৌরসভায় গত বৃহস্পতিবার সরেজমিন গিয়ে নাগরিক সেবার নাজুক চিত্র জানা গেল। তবে পৌরসভার পরিচালন ও রক্ষণাবেক্ষণের হিসাবটি বেশ লম্বা। ২০১৪-১৫ অর্থবছরে এসব খাতে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে সড়কবাতি পোল ও রক্ষণাবেক্ষণ খাতে ১০ লাখ, সড়ক মেরামত খাতে ১ কোটি ১৪ লাখ, ড্রেন পরিষ্কার (কনঞ্জারভেন্সি) বাবদ ৪ লাখ, পানি সরবরাহের মালামাল কেনা বাবদ ১০ লাখ, হাটবাজার রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের জন্য ১৫ লাখ এবং বর্জ্য অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা ব্যয় দেখানো হয়েছে ৭ লাখ ৩০ হাজার টাকা।
পৌরসভার উত্তর সাহাপাড়ায় একটি খালি জায়গার এক কোণে মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভাস্কর্য দেখা গেলেও এর ফলক বোঝার উপায় নেই। ধুলো-ময়লায় ঢেকে যাওয়া ভাস্কর্যের সামনেই ভাঙাচোরা টেবিল ফেলে রাখা। ভাস্কর্যটির নাম ‘স্বাধীন বাংলা’। জায়গাটির আরেক কোনায় থাকা শহীদ মিনারটি দেখলেই বোঝা যায়, এটি অনেক দিন সংস্কার হয়নি। এ সময় পাশ থেকে একজন বললেন, এই খালি জায়গাটিই ‘পৌর শিশুপার্ক’। এরপর ভালো করে তাকাতে চোখে পড়ল, মাঝখানে ঢালাই দিয়ে বানানো বসার ব্যবস্থাটি ভেঙে গেছে। শিশুদের খেলার দুটি লোহার সিঁড়ি ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। মাঠ দখল করে এক পাশে একটি দোকান হয়েছে। আরেকটি অস্থায়ী ঘরের সামনে অসংখ্য বাঁশ ফেলে রাখা। এর পাশেই পাথরের স্তূপ।
ওই ‘শিশুপার্কে’ আসা তৃতীয় শ্রেণিতে পড়ুয়া অজয় দাশ ও আসাদ বলল, আগে এখানে ফুলের বাগান ছিল, খেলার সরঞ্জাম ছিল। এখন নেই, তারা খেলতে পারে না।
পৌরসভার আর্থিক দৈন্য বোঝা গেল পৌর ভবনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনে। পৌরসভার একজন এমএলএসএস (পিয়ন) বললেন, তিনি ২২ মাস ধরে বেতন পান না। একজন উপসহকারী প্রকৌশলী বললেন, তিনি গত বছরের জুনের পর আর বেতন পাননি। কেউই এখানে নিয়মিত বেতন পান না। অথচ ১৩৫টি মঞ্জুরিকৃত পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৪৩ জন। বাকি ৯২টি পদই শূন্য।
পৌরসভার একজন কর্মকর্তা বললেন, এই পৌরসভার আয়ের মূল উৎস শেরপুর বারদুয়ারি হাটের ডাক। বছরে গড়ে কোটি টাকা আয় হয় এই হাট থেকে। কিন্তু গত বছর প্রায় ২০ লাখ টাকা কমে ডাক হয়েছে।
পৌর ভবনের পাশেই এক ব্যক্তি বললেন, পয়োনিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই। টয়লেটের ময়লা নালায় পড়ায় দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
সড়কগুলোর কয়েকটি দেখলেই বোঝা যায়, এগুলো সংস্কার হয় না কয়েক বছর ধরে। পৌর এলাকার বাসিন্দা গগন বিহারি কুন্ডু প্রথম আলোকে বলেন, আগে রাস্তায় ঝাড়ু দেওয়া হতো, ধুলোবালি যাতে না হয় সে জন্য পানি দেওয়া হতো। এখন তা-ও হয় না।
শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান অভিযোগ করেন, গত কয়েক বছরে পৌরসভার সেবার মান আরও খারাপ হয়েছে।
তবে বর্তমান মেয়র ও বিএনপির নেতা স্বাধীন কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, পৌরসভার উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। নতুন একটি শিশুপার্ক করা হবে। আর বর্তমান পার্কে কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়াম করা হবে। স্বাধীন কুমার ৩০ ডিসেম্বরের নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার। নির্বাচন নিয়ে পৌরবাসীর মধ্যে এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখা যায়নি।
সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘শঙ্কিত বিএনপির “ঘাঁটিতে” হানা দিতে চায় আওয়ামী লীগ’ শীর্ষক প্রতিবেদনের একাংশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পদের আগে ভুলবশত বিএনপির কথাটি ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বা.স.