১৩৯টি বিদ্যালয়ে ছুটি দিয়ে প্রতিমন্ত্রীর সংবর্ধনা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি দিয়ে ও প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করে গত বৃহস্পতিবার উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।এদিকে ওই সংবর্ধনার জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় এবং অনুষ্ঠানে সব শিক্ষকের উপস্থিতি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, ২ থেকে ১৩ মে পর্যন্ত তিনটি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়। সে অনুযায়ী লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ—এই তিন উপজেলায় বৃহস্পতিবার সকালে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করে বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। সদর ও আদিতমারীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কালীগঞ্জের ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, বুধবার বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে গণিতের পরীক্ষা স্থগিত করাসহ বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু সময়স্বল্পতা ও বিভিন্ন কারণে সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি সময়মতো অবহিত করা সম্ভব হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গণিতের পরীক্ষা স্থগিত রাখা ও ওই দিন বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়। চাঁদা নেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নবেজউদ্দিন সরকার বলেন, শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা ও বিদ্যালয় ছুটি দেওয়া হয়। বুধবার বিকেলে সবাইকে বিষয়টি অবগত করা হয়।