১৪ আদিবাসী পল্লির ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিমতারের মালের দালের পিলিয়ারেন উৎসহ বিতরিত টেটুল তালি বিচরা আদেতি পিলিযারের উত্সাহ জিমকের নেকুতে কেলারানার।’—পাহাড়ি ভাষায় এভাবেই আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ধারাবিবরণী দিয়ে যাচ্ছেন রিপন চন্দ্র দাস নামের একজন পাহাড়ি আদিবাসী। গতকাল শুক্রবার নাটোরের লালপুরের রাধাকান্তপুর উচ্চবিদ্যালয় মাঠে ১৪টি আদিবাসী পল্লির ১৬টি দলের ব্যতিক্রমী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের জোটরামানাথ আদিবাসী পল্লির ‘সকাল-সন্ধ্যা’ ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতার খেলা দেখতে এসেছিলেন আদিবাসী নারীরাও। মাঠের চারধারে বসে ও দাঁড়িয়ে তাঁরা খেলা উপভোগ করেন। বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকালে খেলার উদ্বোধন করা হয়। নকআউট ভিত্তিতে ৪০ মিনিট করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৬টি দলের আটটি খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হওয়ার কথা আজ শনিবার। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্সআপ দল পাবে একটি সাদাকালো টেলিভিশন।রাজশাহীর পবা উপজেলা থেকে সবচেয়ে বেশি দল খেলায় অংশ নিয়েছে। এই উপজেলার আন্ধারকোটা ও মেদোবাড়ি পল্লি থেকে দুটি, শেখপাড়া, আলীগঞ্জ, দামকুড়া, মিঞাপুর, হঠাত্পাড়া, কেশতালী, পুঠিয়ার কান্দ্রা, বাগাতিপাড়ার জামনগর, লালপুর উপজেলার বাহাদুরপুর, মাড়মি, রামকান্তপুর ও স্বাগতিক জোটরামানাথ পল্লির একটি করে দল খেলায় অংশ নেয়। পুঠিয়া থেকে নিজের দলের সঙ্গে খেলা দেখতে এসেছেন আদিবাসী নারী অঞ্জলি বিশ্বাস (৩০)। তিনি বলেন, ‘সাধারণত আমাদের আদিবাসীদের এ রকম খেলাধুলা হয় না। সবাই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। হঠাৎ খেলার কথা শুনে এসেছি। খেলা দেখতেও খুব ভালো লাগছে।’আয়োজক সকাল-সন্ধ্যা ক্লাবের সভাপতি নরেন ঠাকুর বলেন, আদিবাসীদের খেলার জন্য কোনো ক্লাব নেই, মাঠ নেই, সংগঠন নেই। এদের সংগঠিত করে ভালো খেলোয়াড় তৈরি করার প্রত্যাশা নিয়ে তাঁরা গত বছর থেকে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, সব মানুষের আনন্দের অনভূতি একই রকম। আদিবাসীরাও আর পাঁচজন মানুষের মতো বিনোদনের সুযোগ পাক, এই উদ্দেশ্যেই তিনি তাঁর বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করেছেন।