১৩ রাইফেল ব্যাটালিয়নের মাঠের গণকবর থেকে বিডিআর কর্মকর্তাদের লাশ উদ্ধারের ভিডিওচিত্র ভেসে ওঠে পর্দায়। চিত্রে দেখা যায়, বিডিআরের নিহত মহাপরিচালক, উপমহাপরিচালক ও মহাপরিচালকের স্ত্রীসহ কর্মকর্তাদের লাশ বিকৃত হয়ে গেছে। মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে বাদী সুবেদার ফরিদ উদ্দিন গতকাল সোমবার এ দৃশ্য তুলে ধরেন আদালতে। বিচারক আসামিদের কাছে জানতে চান, এসব দৃশ্য দেখে তাঁদের কী মনে হয়? আসামিরা জবাবে বলেন, এসবই ঘৃণিত কাজ।পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের মামলায় গতকাল বাদীকে জেরা করেন ১৩ রাইফেলের ১৪ জন আসামি। বিশেষ আদালত-৮-এ গত রোববার থেকে বাদীর সাক্ষ্য শুরু হয়। ৬৩ জনের বিরুদ্ধে তিনি বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী হিসেবে।এ মামলায় আসামি ছিলেন ৬২৩ জন। তাঁদের একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ৬২২ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁদের অনেকে ছিলেন ডান্ডাবেড়ি পরা অবস্থায়।সকাল ১০টা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। তাঁকে সহায়তা করেন বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান।বাদী বিদ্রোহের সময়ের ১১ জন আসামির স্থিরচিত্র আদালতে তুলে ধরেন। তাঁরা হলেন সেপাই মো. জসীম উদ্দিন, মো. কাওসার আহমেদ, মো. শরীফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. সাইফুল ইসলাম, মো. নয়ন ইসলাম, মো. মাহামুদুর রহমান, মো. মাসুম মিয়া, মো. গোলাম মোস্তফা ও মো. শামীমুল হক। এ ছাড়া দরবার হলের আশপাশ, বিডিআর-৪ ও ৫ নম্বর গেট এলাকা ও অন্যান্য স্থানে অস্ত্রসহ বিডিআর সদস্যদের মহড়া ও উসকানিমূলক বক্তব্যের ভিডিও ফুটেজও দেখানো হয়।হাবিলদার আবুল কাশেমের ছবি উপস্থাপন করা হলে তিনি দাবি করেন, ছবিটি তাঁর নয়। আদালতের সভাপতি তাঁকে প্রশ্ন করেন, ‘মিথ্যা সাক্ষ্য দিলে কী হয় জানেন?’ জবাবে কাশেম বলেন, ‘মিথ্যা বললে শুধু পাপ হয় স্যার।’ ল্যান্স নায়েক রফিক উদ্দিন খান উপস্থাপিত ছবিকে নিজের স্বীকার করে বলেন, ‘অস্ত্র নিয়ে বক্তব্য দিতে আমাকে বাধ্য করা হয়েছিল।’বাদীকে জেরার সময় আসামিরা ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় একই রকম প্রশ্ন করেন। বেশির ভাগ আসামির প্রশ্ন ছিল, বাদী তাঁকে কী করে চিনলেন, তিনি কত দূরে ছিলেন? এক জওয়ান প্রশ্ন করেন, তিনি (বাদী) কত দূর লেখাপড়া করেছেন। বাদী প্রথমে এ প্রশ্নের জবাব দিতে না চাইলেও আদালতের আদেশে পরে জবাব দেন। বেলা দুইটা ৩০ মিনিট পর্যন্ত ১৪ জন আসামি বাদীকে জেরা করেন। পরে আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। বাকি একজন আজ প্রথম সাক্ষীও বাদীকে জেরা করবেন।